এখনো সিদ্ধান্তহীনতায় তরুণেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারাক ওবামা না মিট রমনি—প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী এই দুই প্রার্থীর ব্যাপারে অধিকাংশ মার্কিন তরুণ এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছেন।এ বছর ভোটের লড়াইয়ে মার্কিন তরুণদের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে চাকরির নিশ্চয়তা, পড়ালেখার খরচ জোগানোর উপায় ও অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়টি। কিছু কিছু ক্ষেত্রে প্রার্থীর ব্যক্তিগত ‘ক্যারিশমা’কেও বিবেচনায় নিচ্ছেন তাঁরা।তরুণদের আগ্রহ-অনাগ্রহের বিষয়টি ডেমোক্র্যাট দলীয় প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার অজানা নয়। নির্বাচনী প্রচারণায় তরুণদের মনোযোগ কাড়তে বেশ কিছু পদক্ষেপও নিয়েছেন তিনি। এর মধ্যে অন্যতম হচ্ছে কলেজ শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা যা ‘পেল গ্র্যান্টস’ নামে পরিচিত। পড়ালেখার খরচ জোগাতে তুলনামূলকভাবে অসমর্থ শিক্ষার্থীদের মার্কিন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অনুদান বা বৃত্তি দেওয়া হয়। ওবামা তাঁর মেয়াদকালে এই বৃত্তিপ্রাপ্তদের সংখ্যা আগের চেয়ে দ্বিগুণ করেছেন। ২০০৮ সাল থেকে যুক্তরাষ্ট্রে পেল গ্র্যান্টস সুবিধাভোগীর সংখ্যা এখন ৯০ লাখ। প্রেসিডেন্ট ওবামা শিক্ষাঋণের ওপর আরোপিত সুদের ক্ষেত্রে বার্ষিক দুই হাজার ৫০০ ডলার পর্যন্ত মওকুফের প্রস্তাব মার্কিন আইনসভা কংগ্রেসের কাছে পাঠিয়েছেন। কিন্তু রিপাবলিকানদের বিরোধিতার কারণে শেষ পর্যন্ত ওবামার এ প্রস্তাব পাস হয়নি। নির্বাচনী প্রচারণায় ওবামা এ বিষয়টিকেও বেশ গুরুত্ব দিয়ে তরুণদের সামনে উপস্থাপন করছেন।অবশ্য নির্বাচনী প্রচারণায় শিক্ষাঋণ আরও সহজ করার বিষয়টি নিয়ে ওবামার মাতামাতিতে শেষ পর্যন্ত চুপ করে বসে থাকতে পারেননি মিট রমনি। প্রথমদিকে উল্টো সুরে কথা বললেও পরে দলের সিদ্ধান্তের বাইরে এসে বলেন, শিক্ষাঋণের সুদ মওকুফের বিষয়টিকে তিনি সমর্থন করেন।গত তিন দশকে যুক্তরাষ্ট্রে সরকারি ও বেসরকারি পর্যায়ের কলেজগুলোতে শিক্ষাব্যয় দ্বিগুণের বেশি বেড়েছে। বর্তমানে ৯৪ ভাগ শিক্ষার্থীকে উচ্চশিক্ষার খরচ জোগাতে ঋণ করতে হয়। ১৯৯৩ সালে এ হার ছিল ৪৫ ভাগ। যুক্তরাষ্ট্রে বর্তমানে শিক্ষাঋণের পরিমাণ এক ট্রিলিয়ন ডলার। এটি ক্রেডিট কার্ডের মাধ্যমে নেওয়া ঋণের চেয়েও বেশি।অর্থের অভাবে নিয়মিত পড়াশোনা চালাতে বারবার হোঁচট খেয়েছেন শিক্ষার্থী হেনরি। একটা চাকরি জোগাড় করতে গিয়েও রীতিমতো গলদঘর্ম হতে হচ্ছে তাঁকে। ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ওবামাকে ভোট দিয়েছেন। কিন্তু এ বছর কাকে ভোট দেবেন তা এখনো মনস্থির করতে পারছেন না। হেনরির ভাষ্য, ‘অর্থনীতিই হবে মূল বিষয়। রমনির সঙ্গে আমি একাত্মবোধ করি। কেননা, তিনি একজন ব্যবসায়ী। তবে ওবামা শিক্ষাঋণ সহজ করার জন্য শক্ত অবস্থান নিয়েছেন। এ ছাড়া বিন লাদেনের (হত্যার শিকার আল-কায়েদাপ্রধান) ক্ষেত্রেও তিনি চমৎকার কাজ করেছেন।’তরুণদের জন্য কে বেশি কাজ করেন—সম্প্রতি স্নাতক শেষ করা শিক্ষার্থীদের এমন প্রশ্ন করা হলে তাঁদের ৫০ ভাগই ডেমোক্র্যাটদের কথা বলেছেন। রিপাবলিকান দলের কথা বলেছেন মাত্র ১৭ ভাগ। রয়টার্স