এগিয়ে আনার প্রশ্নে মমতার পাশে দাঁড়াল কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এগিয়ে আনার প্রশ্নে মমতার পাশে এসে দাঁড়াল কংগ্রেস। কেন্দ্রীয় রেলমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০০৯ সালের লোকসভা নির্বাচনের পর থেকেই বিধানসভা নির্বাচন এগিয়ে আনার দাবি করে আসছেন। ২০১১ সালের মে মাসে এই নির্বাচন হওয়ার কথা। কিন্তু লোকসভা এবং পৌরসভার নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের পর মমতা দাবি তোলেন বিধানসভা নির্বাচন এগিয়ে আনার। মমতার যুক্তি ছিল, এই দুটি নির্বাচনে শাসকজোটের পরাজয়ের পর তারা ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছে। ফলে নির্বাচন এগিয়ে এনে শাসকজোট বামফ্রন্টের উচিত, তাদের জনপ্রিয়তা যাচাই করা। মমতার এই দাবিতে এত দিন আমল দেয়নি ক্ষমতাসীন ইউপিএ জোটের প্রধান শরিক জাতীয় কংগ্রেস। কংগ্রেস মনে করেছিল, নির্ধারিত সময়ের আগে রাজ্য সরকার ভেঙে দিয়ে সাংবিধানিক প্রশ্নে বিতর্কে না জড়ানোই তাদের জন্য ভালো হবে। তাই মমতা এই দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের কাছে তুললেও তিনি এতে পূর্ণ সমর্থন জানাননি। পৌর নির্বাচনে অসামান্য সাফল্যের পর মমতা ফের নির্বাচন এগিয়ে আনার দাবি তোলেন। নির্বাচনের পর ফের মমতা ও কংগ্রেসের মধ্যে সমঝোতা হওয়ায় এবার সামনে ক্ষমতায় যাওয়ার পথ দেখে কংগ্রেস শেষ পর্যন্ত মমতার দাবির প্রতি সমর্থন জানাল।বিধানসভার নির্বাচন প্রথমত এগিয়ে আনতে পারে পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন শাসকজোট। কিন্তু তারা রাজি না হলে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রশ্নে কেন্দ্রীয় সরকার রাজ্যপালের সুপারিশে সরকার ভেঙে দিয়ে বিধানসভার নির্বাচন দিতে পারে। কিন্তু সেই পরিস্থিতি এখন বিরাজ করছে না পশ্চিমবঙ্গে। ফলে নির্বাচন এগিয়ে আনার প্রশ্নে একটিই মাত্র সাংবিধানিক পথ খোলা আছে, আর তা হলো নির্বাচন কমিশন ছয় মাস আগে নির্বাচন এগিয়ে আনতে পারে।