এগিয়ে আসছেন তরুণেরা
বয়সের ভারে অনেকটাই ক্লান্ত সু চির দল। দলটির শীর্ষ নেতাদের গড় বয়স ৮০-৯০ বছর। এসব বুড়ো নেতাকে নিয়ে সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় সু চিও যেন কিছুটা চিন্তিত।কিন্তু মিয়ানমারের যুবারা প্রস্তুত। তাঁরা বুড়োদের জায়গা নিতে মুখিয়ে আছেন। একসময় রাষ্ট্রীয় নির্যাতন ও সামরিক শাসনের বিরুদ্ধে সংগ্রামকারী তরুণেরাই আজ দলে দলে এনএলডিতে যোগ দিচ্ছেন। জানান দিচ্ছেন, তাঁরা আর ছায়া হিসেবে নন, রাজনীতিতে সরাসরিই অংশ নিতে চান। আগামী ১ এপ্রিলের উপনির্বাচন নিয়ে দারুণ আশাবাদী সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। আশা করা হচ্ছে, এই নির্বাচনের মধ্য দিয়েই অং সান সু চি ও তাঁর দলের বেশ কয়েকজন নেতা প্রথমবারের মতো পার্লামেন্টে প্রবেশ করতে যাচ্ছেন। এনএলডির এই সম্ভাব্য বিজয় উৎসব থেকে নিজেদের দূরে রাখতে চান না তরুণেরা। তাঁরা এনএলডির রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিতে চাইছেন।‘আমি সত্যের জন্য লড়াই করতে চাই।’ বলছিলেন এনএলডির সদস্য থুজার লুইন (২৫)। ইয়াঙ্গুনে দলীয় সদর দপ্তরে তিনি সদস্যদের নাম নিবন্ধন করছিলেন। থুজার বলেন, ‘আমি আমার নেতা অং সান সু চিকে বিশ্বাস করি।’১৯৮৮ সালের পর সামরিক শাসন ও নির্যাতনের বিরুদ্ধে মিয়ানমারের তরুণদের অতীতে কমই সোচ্চার হতে দেখা গেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে তাঁরা অনেক বেশি বলিষ্ঠ ভূমিকা রাখছেন। এখন তাঁরা অন্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে অনেক বেশি সাহস পাচ্ছেন।২১ বছরের ছাত্র জার ইয়ার ফিও বলেন, ‘তাঁরা (সেনাবাহিনী) সব সময়ই আমাদের সন্দেহ করত। কিন্তু এখন আর করে না। আমরা এখন আবারও স্বাধীন।’১৯৮৮ সালে মিয়ানমারের সামরিক শাসনবিরোধী আন্দোলনে ছাত্ররাই ছিল অগ্রণী সেনা। দেশটির ইতিহাসে সবচেয়ে বড় এই বিক্ষোভে অন্তত তিন সহস্রাধিক লোক নিহত হয়। সেই থেকে ছাত্রদের সব সময়ই চোখে দেখে আসছিল জান্তা সরকার। এ ঘটনার প্রায় দুই দশক পর ২০০৭ সালে বিক্ষোভকারীরা আবারও রাস্তায় নেমে আসে। কিন্তু বুদ্ধভিক্ষুদের নেতৃত্বাধীন ওই বিক্ষোভ জান্তা সরকার কঠোর হস্তে দমন করে।এনএলডির যুব ফোরামের মুখপাত্র মিও নিয়ান্ত বলেন, ‘১৯৮৮ সালে ছাত্র আন্দোলনের সময় আমরা যেমন তরুণ ছিলাম, সেই অবস্থা এখন আর নেই। আমাদের বয়স চল্লিশের ঘরে পৌঁছে গেছে। আমরা এখন নতুন প্রজন্মের সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই।’ তিনি বলেন, ‘এখন অনেক তরুণ আমাদের এনএলডিতে যোগ দিতে চায়।’তবে সব তরুণই যে এনএলডিতে যোগ দিচ্ছেন তা নয়, অনেকে ‘জেনারেশন ওয়েভ’-এও যোগ দিচ্ছেন। গোপনে আন্দোলনকারী এই সংগঠন তাদের আন্দোলনের ক্ষেত্রে সংগীত, কবিতাসহ অন্যান্য অহিংস পন্থা অবলম্বন করে। রাজনীতির পাশাপাশি মানবাধিকার নিয়েও কাজ করে সংগঠনটি। জেনারেশন ওয়েভে যোগ দেওয়া বো বো (২৩) বলেন, ‘আমি আমার দেশের জন্য কিছু একটা করতে চাই।’ এএফপি।