এটা শকুনের কাজ: ম্যান্ডেলার মেয়ে

দক্ষিণ আফ্রিকার মহান নেতা নেলসন ম্যান্ডেলা যখন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছেন, এ সময় বিদেশি সংবাদমাধ্যম তাঁর গোপনীয়তায় নাক গলাচ্ছে। এটা স্রেফ ‘শকুনের’ মতো আচরণ। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় সম্প্রচার কর্তৃপক্ষের কাছে এ মন্তব্য করেন ম্যান্ডেলার বড় মেয়ে মাকাজিউয়ে ম্যান্ডেলা। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়। ম্যান্ডেলার মেয়ে বলেন, তাঁর বাবা হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় আছেন—এমন সংবাদ প্রচার করে গণমাধ্যমগুলো তাঁর ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট করছে। তিনি আশা প্রকাশ করেন, তাঁর বাবা আবার সুস্থ হয়ে উঠবেন। মাকাজিউয়ে বলেন, ‘আমি অস্বীকার করব না যে তাঁর অবস্থা খারাপ। তবে আমরা যখন তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করি, তখন তিনি চোখ খুলে সাড়া দেওয়ার চেষ্টা করেন। তিনি এখনো আমাদের মাঝে আছেন।’
বিদেশি গণমাধ্যমের কঠোর সমালোচনা করে মাকাজিউয়ে বলেন, এসব গণমাধ্যমে বর্ণবাদী উপাদান এখনো বিদ্যমান। যে কারণে তারা সীমা লঙ্ঘন করে। তিনি বলেন, ‘যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার মৃত্যুর আগে যখন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন, তখন তাঁর প্রতিমুহূর্তের শারীরিক অবস্থা নিয়ে তো গণমাধ্যমের এতটা বাড়াবাড়ি চোখে পড়েনি। একমাত্র ঈশ্বরই জানেন, কখন কার পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।’
ম্যান্ডেলার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গতকাল পূর্বনির্ধারিত বিদেশ সফর বাতিল করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। বিকেলে এক বিবৃতিতে তিনি জানান, ম্যান্ডেলার অবস্থা এখন আগের চেয়ে খানিকটা ভালো।