এটি পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেছেন, লস্কর-ই-তাইয়েবার প্রতিষ্ঠাতা ও জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সাঈদের বিষয়টি পাকিস্তানের ‘অভ্যন্তরীণ ব্যাপার’। যদি তাঁর বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট কোনো তথ্য-প্রমাণ থেকে থাকে, তবে তা পাকিস্তানের কাছে সরবরাহ করা উচিত।বৃহস্পতিবার দেশটির জাতীয় পরিষদ এবং সিনেটের যৌথ অধিবেশনে প্রধানমন্ত্রী গিলানি এমপিদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। হাফিজ সাঈদকে ধরিয়ে দিয়ে অতি সমপ্রতি যুক্তরাষ্ট্র এক কোটি মার্কিন ডলারের যে পুরস্কার ঘোষণা করেছে, এ বিষয়ে এমপিরা প্রশ্ন উত্থাপন করলে এর জবাব দেন গিলানি ও পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি।গিলানি যুক্তরাষ্ট্রের উদ্দেশে বলেন, ‘নেতিবাচক বার্তা বিশ্বাসের ঘাটতিই শুধু বাড়াবে।’ এমন একটা সময়ে গিলানি এ সতর্কবাণী উচ্চারণ করলেন, যখন পাকিস্তানের পার্লামেন্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে নতুন নীতি প্রণয়নের কাজ করছে।গিলানি বলেন, হাফিজ সাঈদের বিরুদ্ধে অপরাধ-সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থেকে থাকলে তা পাকিস্তানকে দেওয়া উচিত। এরপর বিষয়টি একটি স্বাধীন বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিষ্পন্ন করা হবে। তিনি বলেন, জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজের বিরুদ্ধে এর আগে মামলা হলেও প্রমাণ করা না যাওয়ায় আদালত তা খারিজ করে দেন।যৌথ অধিবেশনে গিলানি বলেন, তিনি বুধবার সফররত মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী টমাস নাইডসের সঙ্গে এক বৈঠকে সাঈদকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করার বিষয়টি নিয়ে কথা বলেন। যৌথ অধিবেশনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি বলেন, মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুরস্কার ঘোষণার বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। হিনা এমপিদের জানান, মার্কিন প্রতিনিধিদের তিনি বলেছেন, হাফিজ সাঈদকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণার সিদ্ধান্ত নেওয়ার আগে বিষয়টি পাকিস্তানকে জানানো প্রয়োজন ছিল। পিটিআই ও এএফপি।