এটি বড় ঘটনা এবং গভীর উদ্বেগের বিষয়: ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সিরিয়ার সরকারি বাহিনীর নতুন রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ ‘একটি বড় ঘটনা এবং গভীর উদ্বেগের বিষয়’। তবে তিনি এ কথাও বলেছেন, যুক্তরাষ্ট্র বিষয়টি ভালো করে খতিয়ে না দেখে তাড়াহুড়ো করে আরেকটি যুদ্ধে জড়াবে না।এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কের অদূরে গত বুধবার কথিত রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়ে কিছুটা নিশ্চিত হয়েছে বলে দাবি করেছেন কয়েকজন বিশ্লেষক।মার্কিন প্রেসিডেন্ট গতকাল শুক্রবার সিএনএনে প্রচারিত এক সাক্ষাৎকারে বলেন, সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের ব্যবহার করা হয়েছে কি না, এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও তথ্য-প্রমাণ খুঁজে বের করা উচিত। তবে তিনি বলেন, আগে যেসব তথ্য-প্রমাণ খোঁজার চেষ্টা করা হয়েছে, সে তুলনায় এবারের আলামত ইঙ্গিত দিচ্ছে, ঘটনাটি বড় এবং গভীর উদ্বেগের।এ ঘটনা তদন্তে সিরিয়ায় অবস্থানরত জাতিসংঘের অস্ত্র পরিদর্শক দলকে পূর্ণ সহায়তা দিতে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রতি আহ্বান জানান ওবামা।জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের হামলা হয়ে থাকলে তা হবে মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ। তিনি দেশটিতে অবস্থানরত বিশেষজ্ঞদের অবিলম্বে ঘটনাস্থলে যেতে দেওয়ার জন্য বাশার সরকারের প্রতি আহ্বান জানান। বাশারবিরোধী বিদ্রোহীদের অভিযোগ, বুধবার সেনাবাহিনী দামেস্কের পূর্ব দিকে ঘুটা এলাকায় রাসায়নিক অস্ত্রের ব্যবহার করেছে, যাতে এক হাজার ৩০০ মানুষ নিহত হয়েছে। সেনাবাহিনী ওই অভিযোগ অস্বীকার করেছে। নিরপেক্ষ অন্য কোনো সূত্র থেকে এই অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।ওই কথিত হামলার ঘটনায় নবিশদের ধারণ করা বেশ কয়েকটি ভিডিওচিত্র এখন অনলাইনে পাওয়া যায়। এতে ‘রাসায়নিক অস্ত্রের’ ব্যবহারে আহত ব্যক্তিদের কাতরাতে দেখা যায়। এসব ভিডিওচিত্রের সত্যতা নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।সিরিয়াবিষয়ক জাতিসংঘের শান্তিদূত লাখদার ব্রাহিমি বলেছেন, বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য এখন সিরিয়াই সবচেয়ে বড় হুমকি। যুক্তরাজ্য হুঁশিয়ার করে দিয়ে গতকাল বলেছে, জাতিসংঘের পরিদর্শক দলকে শিগগিরই ঘটনাস্থলে যাওয়ার অনুমতি দিতে হবে। তা না হলে রাসায়নিক অস্ত্র ব্যবহারকারীরা এ-সংক্রান্ত আলামত নষ্ট করে ফেলতে পারে। সিরিয়ার মিত্র রাশিয়াও অভিযোগ তদন্তে জাতিসংঘের পরিদর্শক দলকে সর্বাত্মক সহযোগিতা দিতে বাশার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।এএফপি, রয়টার্স ও বিবিসি।