এটিই পুতিনের 'শেষ সুযোগ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়া এয়ারলাইনসের বিধ্বস্ত হওয়া উড়োজাহাজের আরোহীদের লাশ ও গুরুত্বপূর্ণ মালামাল উদ্ধার প্রক্রিয়া যথাযথভাবে শেষ করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য এটাই ‘শেষ সুযোগ’। এই সুযোগে ইউক্রেনে সৃষ্ট অস্থিরতার অবসান ঘটানোর পদক্ষেপের কথা পুতিনকে স্মরণ করিয়ে দিলেন ইউরোপীয় নেতারা।
নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী ফ্লাইট এমএইচ-১৭ গত বৃহস্পতিবার ইউক্রেনের পূর্বাঞ্চলে বিধ্বস্ত হয়। ইউক্রেনের পশ্চিমা-সমর্থিত সরকারের অভিযোগ, ওই অঞ্চলের রুশপন্থী বিদ্রোহীরা রাশিয়ার তৈরি বুক ক্ষেপণাস্ত্র ছুড়ে উড়োজাহাজটি বিধ্বস্ত করেছে। তবে বিদ্রোহীরা এই অভিযোগ অস্বীকার করেছে। অভিযোগের তির রাশিয়ার সেনাবাহিনীর দিকেও।
খবরে বলা হয়, উড়োজাহাজের ধ্বংসস্তূপ থেকে লাশ শনাক্তকরণের কাজে বাধা দিচ্ছে সশস্ত্র বিচ্ছিন্নতা-বাদীরা। তারা নিহত ব্যক্তিদের জিনিসপত্র লুটপাট করছে। এ জন্য রাশিয়াপন্থী বিদ্রোহীদের দায়ী করা হয়েছে। এসব অভিযোগ খণ্ডনে রাশিয়ার জন্য এটাই উপযুক্ত সময় বলে মনে করছেন ইউরোপীয় নেতারা।
গত শনিবার রাতে পুতিনকে টেলিফোন করে নিজের প্রতিক্রিয়া জানান ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট। তিনি বলেন, উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা দেওয়ার এটাই শেষ সুযোগ। পুতিনকে প্রমাণ করতে হবে, উড়োজাহাজের আরোহীদের মৃতদেহ উদ্ধারের ব্যাপারে তিনি আন্তরিক।
ইউক্রেনে সংঘাত বন্ধে নিজের প্রভাব কাজে লাগাতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, ইউক্রেনের মতো একটি সার্বভৌম দেশকে অস্থিতিশীল করে তোলার ফল পাচ্ছে রাশিয়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে ফোন করে তাঁর উদ্বেগের কথা জানিয়েছেন। তিনি বলেন, দুর্ঘটনাস্থলে ঢুকতে তদন্তকারীদের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে হবে।