এডওয়ার্ড স্নোডেনকে ক্ষমা করা হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এডওয়ার্ড স্নোডেন
এডওয়ার্ড স্নোডেন

মার্কিন নজরদারির খবর ফাঁসের ঘটনায় গোয়েন্দা সংস্থা সিআইএ ও এনএসএর চুক্তিভিত্তিক সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনকে ক্ষমা করা হবে না। হোয়াইট হাউস ও কংগ্রেস উভয়ের পক্ষ থেকেই গত রোববার এ কথা জানানো হয়েছে। তথ্য ফাঁসের ঘটনায় স্নোডেন কংগ্রেসে সাক্ষ্য দিতে প্রস্তুত, এমন খবরের পর এ ঘোষণা দেওয়া হলো।
বিশ্বব্যাপী ইন্টারনেট ও টেলিফোনে যুক্তরাষ্ট্রের নজরদারির কথা ফাঁস করে আলোড়ন তোলা মার্কিন নাগরিক স্নোডেন বর্তমানে রাশিয়ায় সাময়িক রাজনৈতিক আশ্রয়ে আছেন।
গত রোববার হোয়াইট হাউসের উপদেষ্টা ড্যান ফাইফার এবং কংগ্রেসের সিনেট ও প্রতিনিধি পরিষদের গোয়েন্দাবিষয়ক কমিটির প্রধানেরা স্নোডেনের বিষয়ে কথা বলেছেন।
ফাইফার এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘স্নোডেন মার্কিন আইন লঙ্ঘন করেছেন। তাঁর উচিত দেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হওয়া।’ স্নোডেন যা করেছেন, সে জন্য তাঁকে ক্ষমা করার বিষয়ে আলোচনা হয়নি বলে জানান তিনি।
রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক রজার্স ও ডেমোক্রেটিক সিনেটর ডায়ান ফাইনস্টেইনও একই ধরনের মন্তব্য করেছেন। ফাইনস্টেইন বলেছেন, স্নোডেন একজন সত্যিকারের ‘হুইসেলব্লোয়ার’। তিনি গোপনে কংগ্রেসের গোয়েন্দা কমিটিকে বিষয়টি জানাতে পারতেন। কিন্তু তা করেননি। সিবিএস টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফাইনস্টেইন বলেন, ‘আমরা তাঁর তথ্য খতিয়ে দেখতাম। তবে সেটা ঘটেনি। তিনি আমাদের দেশের জন্য বিরাট ক্ষতি করেছেন।’
স্নোডেনকে বিচারের মুখোমুখি হতে হবে জানিয়ে সিনেটর ফাইনস্টেইন আরও বলেন, ‘আমি মনে করি, (তাঁর) কোনো ক্ষমা নেই।’
রিপাবলিকান কংগ্রেসম্যান রজার্সও জানিয়েছেন, স্নোডেনকে দায়মুক্তি দেওয়ার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না। সিবিএস টেলিভিশনে তিনি বলেন, স্নোডেন যদি দেশে ফিরতে চান এবং গোপন তথ্য চুরি করার মাধ্যমে শপথ ভঙ্গ করার বিষয়টি তিনি স্বীকার করে নেন, তবেই তিনি তাঁর সঙ্গে কথা বলবেন।
এর আগে গত শুক্রবার একজন জার্মান আইনপ্রণেতা স্নোডেনের সঙ্গে সাক্ষাতের পর জানান, তিনি মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দিতে প্রস্তুত। এ বিষয়ে সৃষ্ট ‘ধোঁয়াশা’ দূর করতেই তিনি সাক্ষ্য দিতে চান।
জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ফোনে মার্কিন গোয়েন্দাদের আড়ি পাতার বিষয়ে স্নোডেন যে তথ্য ফাঁস করেছেন, তা নিয়ে আলোচনা করতে জার্মানির গ্রিন পার্টির আইনপ্রণেতা হ্যানস-ক্রিশ্চিয়ান স্ট্রোয়েবেল গত বৃহস্পতিবার মস্কোতে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন।
এদিকে পৃথক এক সাক্ষাৎকারে গোয়েন্দা সংস্থা এনএসএ ও সিআইএর সাবেক প্রধান জেনারেল মাইকেল হেইডেন বলেছেন, গোয়েন্দাগিরির কারণে জার্মানি বড় ধরনের বিপাকে পড়েছে। তিনি বলেন, ‘চ্যান্সেলর (ম্যার্কেল) যে অস্বস্তিতে পড়েছেন, তা আমি জানি। আমরা পরস্পরের বন্ধু। ঘটনাটি ফাঁস হওয়ায় তিনি খুবই কঠিন এক রাজনৈতিক পরিস্থিতিতে পড়েছেন।’ এএফপি ও বিবিসি।