এডওয়ার্ড কেনেডিকেও হত্যা করতে চেয়েছিলেন সিরহান!
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাই রবার্টকে যিনি হত্যা করেন, একই ব্যক্তি তাঁর ছোট ভাই এডওয়ার্ডকেও হত্যার ষড়যন্ত্র করেছিলেন। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের নথি থেকে পাওয়া তথ্যে এমন আভাস পাওয়া গেছে। নিউইয়র্ক ডেইলি নিউজ-এ প্রকাশিত প্রতিবেদনে এ কথা জানা যায়। এডওয়ার্ড গত বছর আগস্টে মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান।এফবিআইয়ের নথিভুক্ত তথ্য অনুযায়ী, রবার্টের গুপ্তঘাতক সিরহানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে ১৯৭৭ সালে তিনি কারাগারের একজন সহবন্দীকে ম্যাসাচুসেটসের সিনেটর এডওয়ার্ড কেনেডিকে হত্যার প্রস্তাব দেন। বিনিময়ে তাঁকে ১০ লাখ ডলার ও একটি গাড়ি দেওয়ার লোভ দেখান। মেক্সিকান বংশোদ্ভূত এই মার্কিন কারাবন্দীর নাম গোপন রেখেছে এফবিআই। এফবিআইয়ের কর্মকর্তাদের ওই বন্দী জানান, তিনি জানতেন না যে এডওয়ার্ড কেনেডি একজন সিনেটর। তবে এডওয়ার্ড যে প্রয়াত প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও নিউইয়র্কের সিনেটর ববি কেনেডির ভাই, তা তিনি জানতেন বলে স্বীকার করেন। কারাগারে সিরহান যে কক্ষে থাকতেন, এর পাশের কক্ষে ১৮ মাস ছিলেন ওই বন্দী। পরে হত্যাকাণ্ডের ব্যাপারে তাঁদের মধ্যে যোগসাজশ হয়। সিরহান তাঁকে বলেন, তিনি যদি প্রস্তাবমতো এগোতে চান, তাহলে যেন তাঁর (সিরহানের) সঙ্গে দেখা করেন। সেখানে বিস্তারিত আলোচনা হবে। কিন্তু এ প্রস্তাবে রাজি হননি ওই বন্দী। ৬৬ বছর বয়সী সিরহান এখন ক্যালিফোর্নিয়ার প্লিজ্যান্ট ভ্যালি স্টেট কারাগারে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। ১৯৬৮ সালের ৫ জুন রবার্ট কেনেডিকে গুলি করে হত্যার দায়ে তাঁকে এই শাস্তি দেওয়া হয়। মানসিক ভারসাম্যহীন এই ফিলিস্তিনি খ্রিষ্টান বলেন, রবার্ট কেনেডি প্রেসিডেন্ট হলে ইসরায়েলকে সামরিক সহায়তা দিতেন। এ জন্য তিনি তাঁকে হত্যা করেন। পিটিআই অনলাইন।