এডমন্টনে প্রবাসীদের সংগঠন বিসিএইর ঈদ পুনর্মিলনী

কানাডার এডমন্টন নগরের সাউথ রহমান সেজং বহু সংস্কৃতি কেন্দ্রে ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব এডমন্টনের (বিসিএই) ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এতে বসেছিল দেশীয় পোশাকের মেলা। ফলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আর মেলা মিলিয়ে ওই দিন সেখানে ছিল প্রবাসীদের উপচে পড়ি ভিড়।
ঈদ আনন্দ অনুষ্ঠানে দর্শক-শ্রোতায় মেতে উঠেছিল বহু সংস্কৃতি কেন্দ্রের হল কক্ষ। অনুষ্ঠানে দেশীয় খাবারের সংযোজন ছিল বেশ আকর্ষণীয়। পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম লস্কর। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্য বক্তৃতা করেন কানাডার ফেডারেল মিনিস্টার অমরজিত সুহি, আলবার্তার শ্রমমন্ত্রী ক্রিস্টিনা গ্রে ও রড লাওলা এমএলএ।
ঈদ আনন্দ ছিল অনুষ্ঠানের মূল চেতনা। এখানে এডমন্টন প্রবাসী বাঙালিরা এসেছেন দল বেঁধে। উপভোগ করেছেন ভিন্নধর্মী আনন্দ উৎসব।

অনুষ্ঠানে তিনজন বাংলাদেশি অতিথি গায়ক ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথি গায়কদের মধ্যে একজন সৈয়দা তানিমা হাদি। তিনি বাংলাদেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদির মেয়ে। সৈয়দা তানিমা হাদী বাংলাদেশি টিভি চ্যানেলগুলোতে নিয়মিত কাজ করেন। প্রবাসেও তিনি বিভিন্ন মাধ্যমে কাজ করে যাচ্ছেন।
আরেক অতিথি গায়ক ছিলেন শান্তনু দাস। তিনিও একটি টেলিভিশন চ্যানেলে তালিকাভুক্ত গায়ক। শান্তনু সংগীত ভিডিও ও গানের অ্যালবাম করেছেন। সাউন্ডট্র্যাক থেকে তাঁর গানের অ্যালবাম বের হয়েছে। অন্য আরেক গায়ক পল্লবী মজুমদার। তিনি টেলিভিশনে অভিনয় করেন। এ ছাড়া একজন বেতার শিল্পী হিসেবে পরিচিত। অনুষ্ঠানের উপস্থাপিকা ছিলেন চাদনী লস্কর ও সাদিয়া আনজুম।
বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব এডমন্টনের সব কর্মকর্তা ও সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানকে সফল করে তুলেছেন। বিজ্ঞপ্তি