এডমন্টনে বনভোজনে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বনভোজনের একটি পর্বে প্রবাসী বাংলাদেশিরা
বনভোজনের একটি পর্বে প্রবাসী বাংলাদেশিরা

কানাডার আলবার্টা প্রদেশের রাজধানী এডমন্টনে ১৮ আগস্ট প্রবাসী বাংলাদেশিদের বার্ষিক বনভোজন হয়েছে। ওয়াবামুন লেক প্রভিন্সিয়াল পার্কের মনোরম পরিবেশে এ বনভোজনের আয়োজন করা হয়।
বনভোজনে এডমন্টনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বিপুল সংখ্যায় অংশ নেয়। ফলে এই বনভোজন প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়।
সকাল থেকেই প্রবাসী বাংলাদেশিরা দলে দলে বনভোজনস্থলে সমবেত হতে থাকে। প্রবেশমুখে আয়োজকদের আন্তরিক আতিথেয়তায় সবাই মুগ্ধ হয়। দীর্ঘদিন পর প্রবাসী বাংলাদেশিরা একে অপরকে কাছে পেয়ে আবেগতাড়িত হয়ে পড়ে। মেতে ওঠে সুখ-দুঃখের আলাপনে। কেউ কেউ ঘুরে ঘুরে পার্ক দেখেন। শিশু-কিশোরদের বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বনভোজনে অংশগ্রহণকারী বয়স্করাও বয়সের সীমাবদ্ধতা ভুলে প্রাণের উচ্ছ্বাসে মেতে ওঠেন। এরই মধ্যে পরিবেশিত হয় হালকা খাবার।
বিভিন্ন ধরনের আনন্দ আয়োজন উপভোগ করতে করতে মধ্যাহ্ন ভোজের সময় হয়ে যায়। দুপুর গড়াতেই পরিবেশিত হয় দুপুরের খাবার। হরেক পদের মুখরোচক খাবার খেয়ে সবাই তৃপ্তির ঢেকুর তুলতে থাকে। বনভোজনে বিভিন্ন ধরনের খেলাধুলায় শিশু-কিশোর-যুবা ও নারীরা প্রাণ খুলে অংশ নেয়। খেলাধুলার পর্বটি পরিচালনা করেন রুপা চৌধুরী ও সেওতি চৌধুরী।
বনভোজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপতি দে। যাঁদের নিরলস প্রচেষ্টায় বনভোজনের কার্যক্রম সফল হয়, তাঁরা হলেন: তাপস চৌধুরী, শুভাশিস ঘোষ, দুলাল সাহা, অঞ্জন সেন, সনজীব চৌধুরী ও সুজিত বড়ুয়া।
এক সময় সন্ধ্যা ঘনিয়ে আসে। এবার ফেরার পালা। মন কিছুতেই সায় দেয় না ফেরার। তবু ফিরতে হয়। সারা দিনের একরাশ সুখ স্মৃতি নিয়ে সবাই নিজ নিজ ঘরে ফেরে।