এডমুন্ড হিলারির নামে নিউজিল্যান্ডের পর্বত
মাউন্ট এভারেস্টজয়ী প্রথম ব্যক্তি স্যার এডমুন্ড হিলারির নামে তাঁর দেশ নিউজিল্যান্ডের সর্বোচ্চ পর্বতের একটি অংশের নামকরণ করা হচ্ছে। দেশটির সরকারের পক্ষ থেকে গতকাল এ খবর জানানো হয়। নিউজিল্যান্ডের সর্বোচ্চ পর্বত কুকের দক্ষিণাংশের উঁচু অংশটি হিলারির নামে নতুন নামকরণ করা হচ্ছে। এই অংশের বর্তমান নাম ওকারি। নতুন নাম হবে হিলারি রিজ। নিউজিল্যান্ডের ভূমিতথ্যমন্ত্রী মরিস উইলিয়ামসন এক বিবৃতিতে বলেন, ‘স্যার এডমুন্ড হিলারি দেশের প্রতি অসামান্য অবদান রেখেছেন, তাঁর অবদানের প্রতি সম্মান জানানোর এটিই যথাযথ পথ।’ ১৯৫৩ সালে এডমুন্ড হিলারি প্রথম ব্যক্তি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের চূড়ায় পা রাখেন হিলারি। এ অভিযানে তাঁর সঙ্গী ছিলেন শেরপা তেনজিং নরগে। ২০০৮ সালে ৮৮ বছর বয়সে স্যার এডমুন্ড হিলারি মারা যাওয়ার পর নিউজিল্যান্ড সরকার তাঁকে যথাযথ সম্মান জানানোর উপায় খুঁজে বের করার জন্য দেশব্যাপী প্রচারণা চালায়। টেলিগ্রাফ।