এত আত্মাহুতি, তবু...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিউনিসিয়ার মোহাম্মেদ বুয়াজিজির কথা মনে আছে? সরকারি নিপীড়নের প্রতিবাদে ওই যুবকের আত্মাহুতি শুধু তিউনিসিয়াকেই নয়, গোটা আরব বিশ্বেই তোলপাড় সৃষ্টি করেছিল। সেই আত্মাহুতির ধারাবাহিকতায় এসেছিল আরব বসন্ত। এর মধ্য দিয়ে ক্ষমতার পালাবদল ঘটেছে তিউনিসিয়া, লিবিয়া ও মিসরে। এখনো রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে সিরিয়ায়।বুয়াজিজির এক আত্মাহুতিতেই গোটা আরব জাহানে গণজাগরণের সৃষ্টি হয়েছে, অথচ বছরের পর বছর অসংখ্য তিব্বতি চীনা শাসনের বিরুদ্ধে একইভাবে আত্মাহুতি দিলেও তাদের চাওয়া আজও পূরণ হয়নি। এই ধারাবাহিক ত্যাগ আন্তর্জাতিক বিশ্বকে সেভাবে কাছে টানতে পারেনি। টলাতে পারেনি চীনা শাসকদেরও।তিব্বতিদের নির্বাসিত সরকারের প্রধানমন্ত্রী লবসাং সাঙ্গাই বলেছেন, ‘আমাদের দিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ যে নেই তা নয়, তবে তা যথেষ্ট নয়।’ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘তিউনিসিয়ার আত্মাহুতি আরব গণজাগরণের অনুঘটক হিসেবে কাজ করেছে। আমরাও দশকের পর দশক ধরে অহিংস আন্দোলন চালিয়ে আসছি। কিন্তু আরব বিশ্বের তুলনায় আন্তর্জাতিক সমর্থন কমই পেয়েছি আমরা।’যদিও প্রেক্ষাপট ও পরিস্থিতি ভিন্ন, তবু আরব গণজাগরণ তিব্বতিদের মধ্যে আশার সঞ্চার করেছে। তারা মনে করে, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করলে রাজনৈতিক পরিবর্তন কোনো না-কোনো সময় সম্ভব। সাঙ্গাই বলেন, ‘তিব্বতে বাক্স্বাধীনতা নেই। রাজনৈতিক প্রতিবাদের সুযোগ নেই এখানে। আর তাই আত্মাহুতির পথ বেছে নিচ্ছে তিব্বতিরা।’চীনা শাসনের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত ৯৯ জন তিব্বতি আত্মাহুতি দিয়েছে। তবে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য দৃশ্যত এখনো অনেক দূরে। আশা-নিরাশার মিশ্র অনুভূতি নিয়ে তিব্বতিরা আবারও সরব হয়েছে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে সম্প্রতি প্রায় সাত হাজার তিব্বতি সমাবেশ করেছে। এখন পর্যন্ত সেভাবে বহির্বিশ্বের চাপ না এলেও চীনা সরকার তিব্বতিদের আত্মাহুতি রোধে কঠোর নীতি গ্রহণ করেছে। গত সপ্তাহে চীনের একটি আদালত তিব্বতি এক ভিক্ষু ও তাঁর এক আত্মীয়কে যাবজ্জীবন সাজা দিয়েছেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, আট ব্যক্তিকে আত্মাহুতির পথ বেছে নিতে উসকানি দিয়েছেন তাঁরা। এই পদক্ষেপের মাধ্যমে চীনা কর্তৃপক্ষ এই বার্তা দিল যে আত্মাহুতি কিংবা আত্মাহুতিতে উসকানি, উভয়ই ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ হিসেবে পরিগণিত হবে। নিউইয়র্ক টাইমস।