এত দিনে নির্মম সত্যটি জানলেন বারোসো
আন্তনিও বারোসোর মনে সব সময় একটা সন্দেহ উঁকি দিত, তাঁর পরিবারে কোথাও গড়বড় রয়েছে। কোথাও একটা রহস্য আছে, যা তিনি উদ্ঘাটন করতে পারছেন না। সত্যিই একদিন প্রকাশিত হলো সেই রহস্য। ৩৮ বছর বয়সে বুকের ভেতর শেলের মতো একটা আঘাত হজম করে বারোসো জানতে পারলেন, তিনি এত দিন যে পরিবারে বড় হয়েছেন, ওই পরিবারের সদস্যরা তাঁর আপনজন নন। যাঁদের তিনি এত দিন বাবা-মা বলে জেনেছেন, তাঁরা আসল বাবা-মা নন। শিশু বয়সে তাঁকে কিনে এনেছিলেন তাঁরা।স্পেনে আন্তনিও বারোসোর জীবনের মতো এমন বেদনাদায়ক ঘটনার উদারহরণ অনেক রয়েছে। পারিবারিক এক বন্ধু মৃত্যুশয্যায় এই নির্মম সত্য ফাঁস করেছিলেন। আন্তনিওর অভিভাবকের মতো ওই বন্ধুও ছিলেন নিঃসন্তান। তিনিও এক শিশুকে কিনে সন্তান হিসেবে বড় করে তোলেন। উভয় দম্পতি এক নানের কাছ থেকে শিশু দুটি কেনেন। আর কিনতে গিয়ে উভয় দম্পতি যে অর্থ ব্যয় করেন, এর চেয়ে কম দামে স্পেনে একটি ফ্ল্যাট কেনা যায়।সত্য জানার পর তা মেনে নেওয়া আন্তনিও বারোসোর জন্য ছিল এক কঠিন ব্যাপার। যাঁকে তিনি মা বলে জেনে আসছেন, তাঁর মুখোমুখি হন তিনি। মা নিশ্চিত করেন তথ্যের সত্যতা। ডিএনএ পরীক্ষায়ও একই জিনিস প্রমাণিত হয়। জানা যায়, তাঁর জন্মবিষয়ক সনদ আসলে ভুয়া। এ ব্যাপারে আন্তনিও বারোসো বলেন, ‘আমি দেখতে পেলাম যে আমার জীবনের পুরোটাই মিথ্যায় ভরা।’ তিনি বলেন, ‘আমি কে, কোত্থেকে এসেছি—জানতে আগ্রহী হলাম। আমার এ ঘটনার জন্য যারা দায়ী, তারা শাস্তি পাওয়ার যোগ্য, অবশ্যই তাদের শাস্তি হাওয়া উচিত।’নিজ ঠিকানার অনুসন্ধানে গিয়ে আন্তনিও বারোসো আবিষ্কার করলেন, তাঁর জীবনের মতো এমন ঘটনা অনেক রয়েছে। এতে নবজাতক নিয়ে অবৈধ ব্যবসার আভাস পেলেন তিনি। স্পেনের ইতিহাস থেকে তাঁর এই সন্দেহ জোরালো হলো। গৃহযুদ্ধের পর বন্দীদের কাছ থেকে শিশুদের কেড়ে নিয়ে তৎকালীন স্বৈরশাসক জেনারেল ফ্রাঙ্কোর সমর্থকদের হাতে তুলে দেওয়া হতো। ইতিহাসবিদদের মতে, এভাবে প্রায় ৩০টি শিশুকে সেই সময় তাঁদের মা-বাবার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। ফ্রাঙ্কোর ভাবাদর্শে দীক্ষা দিতে এই ঘৃণ্য কাজটি করা হয়। একরিখ ভিলা নামের একজন আইনজীবী বলেন, পঞ্চাশের দশকে শিশু পাচারের ব্যবসাটি মাফিয়াদের হাতে চলে যায়। এসব দুর্বৃত্তের লক্ষ্য হয়ে দাঁড়ায় অর্থ। তাদের কাজ হচ্ছে, ‘যেখান থেকে পারো শিশু চুরি করে মোটা অর্থের বিনিময়ে বিক্রি করে দাও।’ এসব দুর্ভাগা শিশুর মা-বাবার সহায়তায় বারোসো একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। অপরাধী চক্রের খপ্পরে পড়ে শিশু খোয়ানো বাবা-মায়েরা সহায়তা চেয়ে হরদম সেখানে ধরনা দিচ্ছেন। বারোসোও তাঁদের সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করছেন। বিবিসি অনলাইন।