এত মিল তবু অমিল
প্রথম দেখায় যে কেউ চমকে যাবেন ইলহাম আনাসকে দেখে। মনে হবে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সামনে দাঁড়িয়ে। চোখ, কান, ভ্রু, মুখমণ্ডল, চুল ও হাসি—সবকিছুতেই মিল। চালচলনেও দুজনের মধ্যে রয়েছে সাদৃশ্য।ইলহাম আনাসের বাড়ি ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের বান্দুং শহরে। বারাক ওবামা প্রেসিডেন্ট নির্বাচনের জন্য চূড়ান্ত মনোনয়ন পাওয়ার সঙ্গে সঙ্গে এলাকায় আনাসের জনপ্রিয়তা বাড়তে থাকে। ওবামা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তাঁর জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছায়। পেশায় আলোকচিত্রী আনাস এখন রীতিমতো একজন সেলিব্রিটি।বিপুল এই জনপ্রিয়তা কাজে লাগিয়ে আনাস বিশ্বভ্রমণ করে বেড়াচ্ছেন। বিভিন্ন দাতব্য কাজের সঙ্গে যুক্ত হয়েছেন। সম্প্রতি তিনি থাইল্যান্ডে পরিবেশবাদীদের সমাবেশে যোগ দেন। সেখানে দেওয়া বক্তব্যে বিশ্বনেতাদের জলবায়ু পরিবর্তনের হুমকি মোকাবিলায় আরও কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। এ ছাড়া আনাস বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান ও বিজ্ঞাপনে অংশ নিয়েছেন।আনাস বলেন, প্রেসিডেন্ট ওবামার দারুণ ভক্ত তিনি। ওবামার চেহারার সঙ্গে সাদৃশ্য থাকায় অনেক চাকরির প্রস্তাব পেয়েছেন। কিন্তু এতে বিতর্কের সৃষ্টি হতে পারে, এই আশঙ্কায় তিনি সেসব প্রস্তাব গ্রহণ করেননি। তিনি জানান, ওবামার সঙ্গে মিল থাকায় তাঁকে অনেক বিড়ম্বনায়ও পড়তে হচ্ছে, বিশেষ করে বিমানবন্দরে। এ কারণে তিনি ইদানীং মাথায় টুপি ও রোদচশমা ব্যবহার করছেন। তা না হলে অনেক অযাচিত প্রশ্নের সম্মুখীন হতে হয়।চেহারার পাশাপাশি ওবামা ও আনাসের মধ্যে বংশগত মিলও রয়েছে। দুজনেরই পূর্বপুরুষ কেনিয়া ও যুক্তরাষ্ট্রের। ওবামা অল্পস্বল্প ধূমপান পছন্দ করেন। আনাসও কিছুটা ধূমপান করেন। তবে তাঁদের মধ্যে বড় ধরনের একটা অমিলও রয়েছে, তা হলো কণ্ঠে। ওবামার ভরাট কণ্ঠস্বর। কিন্তু আনাসের কণ্ঠস্বর তেমন নয়। আর সবচেয়ে বড় অমিল—আনাস একজন সাধারণ মানুষ। আর ওবামা বিশ্বের অন্যতম শক্তিশালী দেশের প্রেসিডেন্ট।আনাস বলেন, মার্কিন প্রেসিডেন্ট ওবামা গত মাসে ইন্দোনেশিয়া সফরের পর আনাস আরও জনপ্রিয় হয়ে ওঠেন। আন্তর্জাতিক অঙ্গন থেকে বিভিন্ন প্রস্তাব আসতে শুরু করে। তিনি বলেন, ইন্দোনেশিয়া সফরকালে প্রেসিডেন্ট ওবামা তাঁর ভাষণে স্থানীয় ভাষা ব্যবহার করেছেন। জাকার্তার একটি গ্রামে থাকাকালে তাঁর শৈশবের গল্প করেন। তবে দুর্ভাগ্যবশত ওবামার ঐতিহাসিক এই সফরকালে আনাস ইন্দোনেশিয়ায় ছিলেন না। তিনি ছিলেন যুক্তরাষ্ট্রে। গার্ডিয়ান।