এনএবির তলবে হাজির হতে আবারও ব্যর্থ গিলানি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) তদন্তকারী কর্মকর্তাদের সামনে হাজির হতে আবারও অস্বীকৃতি জানিয়েছেন। গিলানি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দায়মুক্তি রয়েছে এবং কোনো তদন্ত সংস্থা তাঁর বিরুদ্ধে সমন জারি করতে পারে না।গিলানি এ নিয়ে চতুর্থবারের মতো দুর্নীতির ওপর নজরদারি করা সংস্থাটির তদন্তকারী কর্মকর্তাদের সামনে হাজির হতে অস্বীকৃতি জানালেন। তৌকির সাদিককে অবৈধভাবে তেল ও গ্যাস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ করার অভিযোগে গিলানির বিরুদ্ধে এ তদন্ত হচ্ছে। এনএবির মুখপাত্র রমজান সাজিদ বলেন, গত বৃহস্পতিবার হাজির হওয়ার জন্য গিলানিকে সমন দেওয়া হয়েছিল। তবে তিনি উপস্থিত হননি। একজন এনএবি কর্মকর্তা জানান, সাদিককে গ্রেপ্তারের পর তদন্তকারী কর্মকর্তাদের কাছে তিনি জবানবন্দি দিয়েছেন। তাঁর জবানবন্দির সঙ্গে গিলানির বক্তব্য মিলিয়ে দেখার জন্য তাঁরা তাঁকে জেরা করতে চেয়েছিলেন। ওই কর্মকর্তা আরও জানান, এনএবি অধ্যাদেশ অনুযায়ী কোনো ব্যক্তি ব্যুরোর টানা তিনটি সমন উপেক্ষা করলে তাকে গ্রেপ্তার করা যাবে। ডন।