এনএসএ আইন লঙ্ঘন করায় চাপে ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাক ওবামা
বারাক ওবামা

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) ব্যক্তিগত গোপনীয়তা আইন লঙ্ঘন করায় চাপের মুখে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট
বারাক ওবামা। মার্কিন জনগণ দেশের মধ্য থেকে গোপন নজরদারির শিকার হবেন না—ওবামার এই প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতা
নিয়ে প্রশ্ন উঠেছে।
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথি থেকে জানা যায়, গত দুই বছরে
এনএসএ কয়েক হাজার বার ব্যক্তিগত গোপনীয়তা আইন লঙ্ঘন করেছে। শুধু তা-ই নয়, সংস্থাটি হাজার বার নিজের আইনি
সীমাও লঙ্ঘন করেছে। মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট-এ প্রকাশিত এসব নথি থেকে জানা যায়, বিদ্যমান আইন
লঙ্ঘন করেই এনএসএ মার্কিন নাগরিকদের ওপর গোপন নজরদারি চালায়।
নজরদারি বিষয়ে নতুন এই খবর ওবামার প্রতিশ্রুতিকে প্রশ্নবিদ্ধ করেছে। এনএসএ আইন লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেনি,
বরং বিষয়টি স্বীকার করে একে ইতিবাচকভাবে দেখার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, ব্যক্তিগত গোপনীয়তা আইন লঙ্ঘন বা
নিজের আইনি সীমা লঙ্ঘনের বিষয়টি অনিচ্ছাকৃতভাবে ঘটেছে। এনএসএর অভিযোগ শাখার পরিচালক জন ডেলং টেলিকনফারেন্সে
সাংবাদিকদের বলেন, ‘আইন লঙ্ঘনের বিষয়টি আমাদের ইচ্ছাকৃত ছিল না। ভুলের কারণে এসব ঘটনা ঘটে।’ তিনি জানান,
এনএসএ বিষয়টি সংশ্লিষ্ট মার্কিন আদালত, সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও আইনপ্রণেতাদের জানিয়েছে।
ডেলং বলেন, ‘আমরা এসব ঘটনা গোপন করিনি।’ তিনি জানান, মাসে দুই কোটি অনুসন্ধানের ক্ষেত্রে ১০০টির মতো ভুল
হয়ে থাকতে পারে।
হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ওবামা নজরদারির ক্ষেত্রে ‘আরও স্বচ্ছতা’ নিশ্চিত করা এবং
জাতীয় নিরাপত্তা ও নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার মধ্যে ‘সঠিক ভারসাম্য’ নিশ্চিত করার পক্ষে।
তবে এনএসএর আইন লঙ্ঘনের খবর প্রকাশিত হওয়ার পর থেকেই এর কঠোর সমালোচনা করছে মানবাধিকার প্রতিষ্ঠানগুলো।
আইনপ্রণেতারাও এ ব্যাপারে কংগ্রেসে আরও শুনানি করার পক্ষে অঙ্গীকার ব্যক্ত করেছেন।
ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির সিনেটর রন ওয়াইডেন ও মার্ক ইউডাল এক যৌথ বিবৃতিতে বলেন, ‘আমরা আগেই বলেছি,
আইন লঙ্ঘনের বিষয়টি যেভাবে স্বীকার করা হচ্ছে, তা এভাবে স্বীকার করার চেয়েও গুরুতর ঘটনা।’ তাঁরা বলেন, এসব
বিষয়ে মার্কিন জনগণের আরও বিস্তারিত জানার অধিকার রয়েছে।
মানবাধিকার সংগঠন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের আইনবিষয়ক উপপরিচালক জামিল জাফির বলেন, এনএসএর
আইন লঙ্ঘনের ঘটনার সংখ্যা বিস্ময় জাগানোর মতো। এটা উপলব্ধি করা কঠিন যে, গোয়েন্দা সদস্যরা কীভাবে এত বেশি ভুল
করেন।