মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) যুক্তরাষ্ট্রের ৩০ শতাংশের কম ফোনকলে নজরদারি করছে। এর আগে যতটা ভাবা হয়েছিল, এই পরিমাণটা তার চেয়ে অনেক কম। দুটি প্রভাবশালী মার্কিন পত্রিকার খবরে এ তথ্য জানানো হয়েছে।
আইনপ্রণেতারা ইঙ্গিত দিয়েছেন, এনএসএর ওই বিতর্কিত কর্মসূচির আওতায় কার্যত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে প্রতিটি ফোনকলই যাচাই-বাছাই করা হয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা দেশটির প্রভাবশালী পত্রিকাওয়াশিংটন পোস্ট ও ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, মুঠোফোনগুলোর তথ্য সংগ্রহ করতে হিমশিম খেতে হয়েছে এনএসএকে।
পত্রিকা দুটি জানায়, মুঠোফোন ব্যবহারে বিপ্লব ঘটায়, তা এনএসএকে এক ধরনের কারিগরি এবং প্রক্রিয়াগত সমস্যার মুখোমুখি করেছে। তবে টেলিফোন কলের ক্ষেত্রে গোয়েন্দা সংস্থাটির বিপুল সংগ্রহ রয়েছে।
জর্জ ডব্লিউ বুশ প্রেসিডেন্ট থাকাকালে সর্বপ্রথম প্রকাশ হওয়া এই বিতর্কিত কর্মসূচির আওতায় ফোনকলে আড়ি পাতার মাধ্যমে সন্ত্রাসী ও অন্যান্য গোয়েন্দা লক্ষ্যবস্তুর গতিবিধি শনাক্ত করা হয়ে থাকে। এর আওতায় কোন নম্বর থেকে কতবার কল করা হয়েছে এবং কতক্ষণ ধরে কথা বলা হয়েছে ইত্যাদি তথ্য সংগ্রহ করা হলেও কথোপকথনের বিষয়বস্তু সংগ্রহ করা হয়নি বলে কর্মকর্তারা দাবি করেন।
যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান কর্মকর্তারা জানান, একসময় যুক্তরাষ্ট্রের ফোনকলের ১০০ ভাগের কাছাকাছি সংগ্রহ করা হলেও গত বছর তা কমে ২০ থেকে ৩০ শতাংশের মধ্যে নেমে এসেছে। এনএসএ এই হার কমিয়ে আনতে কাজ করছে এবং টেলিযোগাযোগ কোম্পানিগুলোকে ফোনকলের তথ্যদানে বাধ্য করতে আদালতের নির্দেশনা পাওয়ার চেষ্টা করছে। টাইমস অব ইন্ডিয়া।