এনএসএর কার্যক্রম নিয়ন্ত্রণ হচ্ছে: ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাক ওবামা
বারাক ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিষ্ঠান জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) নজরদারি নিয়ন্ত্রণে রাখতে এর কার্যক্রম নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। এ জন্য নীতিগত নির্দেশনা দেওয়া হবে।
এদিকে যুক্তরাষ্ট্র সরকারের গোয়েন্দা প্রকল্পগুলো ‘পুরোপুরি পর্যালোচনার’ আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটের গোয়েন্দা কমিটির প্রধান ডায়ান ফাইনস্টাইন।
প্রেসিডেন্ট ওবামা এবিসি টেলিভিশনের ফিউসন নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমরা দেখেছি গত কয়েক বছরে এনএসএর সামর্থ্যের উন্নতি ও বিস্তৃতি ঘটেছে। এ কারণেই আমি এখন একটি পর্যালোচনার উদ্যোগ নিচ্ছি, যাতে এটা নিশ্চিত হয় যে তারা আসলে কতটুকু নজরদারি করতে পারে।’ সাক্ষাৎকারে ওবামা মার্কিন মিত্রদেশগুলোর নেতাদের ওপর নজরদারি প্রসঙ্গে সরাসরি কোনো কথা বলেননি।
এনএসএর বিরুদ্ধে বিশ্বব্যাপী নজরদারির অভিযোগ ওঠায় বেশ চাপে পড়েছে যুক্তরাষ্ট্র। সার্বিক পরিস্থিতিতে গত সোমবার প্রকল্পগুলো পর্যালোচনার আহ্বান জানালেন প্রভাবশালী সিনেটর ডায়ান ফাইনস্টাইন।
সিনেটর ফাইনস্টাইন এক বিবৃতিতে বলেন, মার্কিন গোয়েন্দা-সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁকে টেলিফোন রেকর্ড সংগ্রহের মতো বিষয়গুলো নিয়ে আদালতের নির্দেশনা সম্পর্কে অবহিত করলেও বিদেশি নেতাদের কীভাবে অনুসরণ করবেন, তা জানাতে ব্যর্থ হন। তিনি বলেন, ‘ফ্রান্স, স্পেন, মেক্সিকো, জার্মানিসহ যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোর নেতাদের ওপর এনএসএর নজরদারির প্রতি সম্মান দেখিয়েই বলছি—সরাসরি বললে বলব, আমি এই নজরদারির পুরোপুরি বিরোধী।’
ফাইনস্টাইন আরও বলেন, বন্ধু দেশগুলোর প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর ফোনকল কিংবা ই-মেইলে নজরদারি করা যুক্তরাষ্ট্রের উচিত নয়। তবে জরুরি ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টের অনুমোদন সাপেক্ষে তা করা যেতে পারে।
সিনেটর ফাইনস্টাইনের এই বিবৃতি প্রসঙ্গে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র কেটলিন হেইডেন কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বলেন, ‘নজরদারির ক্ষেত্রে অগ্রাধিকারের বিষয়গুলো প্রশাসন পর্যালোচনা করে দেখছে। মার্কিন গোয়েন্দারা কীভাবে কাজ করতে পারেন, সে বিষয়ে দুটি পৃথক পর্যালোচনা কমিটি কাজ করছে।
নজরদারির বিষয়ে গতকাল মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদের গোয়েন্দাবিষয়ক কমিটির সামনে নিজেদের অবস্থান তুলে ধরার কথা এনএসএর প্রধান কিথ আলেকজান্ডার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
কয়েক দিন ধরে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের মুঠোফোনসহ ৩৫ বিশ্বনেতার ফোনে আড়ি পাতা এবং ফ্রান্স ও স্পেনের প্রায় ১৩ কোটি ফোনকলে আড়ি পাতার অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর স্পেন ও ফ্রান্স সে দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে। ম্যার্কেল মার্কিন প্রেসিডেন্ট ওবামাকে ফোন করে ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে যুক্তরাষ্ট্রের। সব অভিযোগই প্রকাশিত হয় সিআইএর সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথির বরাত দিয়ে। বিবিসি ও এপি।