এনএসএর নজরদারি সীমিত করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপন নজরদারি সীমিত করতে জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) প্রতি আহ্বান জানিয়েছে হোয়াইট হাউসের টাস্কফোর্স। মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা প্যানেলের এক সুপারিশে এই আহ্বান জানানো হয়। ওই সুপারিশের ৩০০ পৃষ্ঠার একটি প্রতিবেদন গত বুধবার প্রকাশ করা হয়েছে।
ফোনে আড়ি পাতার মাধ্যমে নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার ক্ষুণ্ন করে এনএসএ ‘অসাংবিধানিক’ কাজ করেছে মর্মে ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট কোর্ট রুল জারি করার দুদিন পর হোয়াইট হাউসের টাস্কফোর্স নজরদারি সীমিত করার আহ্বান জানাল।
টাস্কফোর্সের পাঁচ সদস্যের প্যানেলের ওই প্রতিবেদনে বন্ধুদেশগুলোর নেতাদের ওপর নজরদারির ক্ষেত্রে আরও সতর্কভাবে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব করা হয়। এ ছাড়া নজরদারির বিষয়ে আরও সজাগ থাকা ও নজরদারিবিষয়ক কিছু কিছু প্রকল্পের সমাপ্তি টানতে বলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা প্যানেলের দেওয়া সুপারিশগুলো বাস্তবায়নের আইনি কোনো বাধ্যবাধকতা নেই।
টাস্কফোর্সের সুপারিশে জাতীয় নিরাপত্তা ও জনগণের ব্যক্তিগত গোপনীয়তার অধিকারের মধ্যে ভারসাম্য করে নজরদারির আহ্বান জানানো হয়। বলা হয়, নজরদারি নেটওয়ার্কের ওপর সজাগ দৃষ্টি রাখলে দেশের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে না। সুপারিশে আরও বলা হয়, এনএসএ সন্ত্রাসবাদ তদন্ত করতে প্রচুর পরিমাণে ফোন রেকর্ড সংগ্রহ করে থাকে। কিন্তু ‘সন্ত্রাসবাদী হামলা ঠেকানোর জন্য এটা খুব বেশি জরুরি নয়’। সরকারের সন্ত্রাসবাদবিরোধী সাবেক কর্মকর্তা ও টাস্কফোর্সের সদস্য রিচার্ড ক্লার্ক বলেন, ‘আমরা বলছি না, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই শেষ হয়ে গেছে বা সন্ত্রাসবাদ নির্মূল করে যুক্তরাষ্ট্রকে একটি নিরাপদ অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। আমরা বলতে চাইছি, সন্ত্রাসবাদ বন্ধের কৌশল বাস্তবায়নে যা-ই করা হোক না কেন, তা করা হোক আরও বেশি স্বচ্ছতা তথা জবাবদিহির মাধ্যমে।’
সরকারের নজরদারির পরিধি কেমন হতে পারে, তা খতিয়ে দেখতে হোয়াইট হাউসের এই টাস্কফোর্স গঠন করা হয়। হোয়াইট হাউস টাস্কফোর্সের প্রতিবেদন আগামী মাসে প্রকাশের পরিকল্পনা করেছিল। তবে বিষয়টি নিয়ে ভুল বার্তা প্রচার হতে পারে, এমন আশঙ্কা থেকে বুধবারই তা প্রকাশ করা হয়।
মার্কিন গোপন নজরদারির বিষয়টি নিয়ে হোয়াইট হাউস নিজেও গোয়েন্দা পর্যালোচনা করছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী মাসে ওই পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ করবেন বলে আশা করা হচ্ছে।
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেন বিশ্বব্যাপী মার্কিন গোয়েন্দা নজরদারির খবর ফাঁস করেন। বর্তমানে রাশিয়ার আশ্রয়ে আছেন তিনি। স্নোডেনের দেওয়া তথ্য অনুযায়ী, এনএসএ নজরদারির জন্য নাগরিকদের ব্যক্তিগত ফোনালাপ ধারণ, ফোন নম্বর ও কার্ড নম্বর সংগ্রহ করে। এপি।