এনএসএর লাগাম টানতে যুক্তরাষ্ট্রে বিল অনুমোদন
যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসএ) লাগাম টেনে ধরার লক্ষ্যে প্রতিনিধি পরিষদে গত বৃহস্পতিবার একটি বিল অনুমোদন করেছেন৷ ওই বিলটি আইনে পরিণত হলে এনএসএর নজরদারি কার্যক্রমে নিয়ন্ত্রণ আসবে বলে মনে করা হচ্ছে৷ খবর এএফপির৷
পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ২৯৩-১২৩ ভোটে বিলটি পাস হয়৷ তবে উচ্চকক্ষ সিনেটে এটি নিয়ে এখনো বিতর্ক হয়নি৷ তাই এখনই এটি কার্যকর হবে না৷ তবে পার্লামেন্টের নিম্নকক্ষের আইনপ্রণেতারা বিলটি পাস করার মধ্য দিয়ে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছেন: তাঁরা চান, আদালতের নির্দেশ ছাড়া ইলেকট্রনিক মাধ্যমে মার্কিন নাগরিকদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করতে পারবে না এনএসএ৷
তথাকথিত প্রিজম প্রোগ্রামের আওতায় এনএসএ বর্তমানে ফেসবুক, জি-মেইল ও অন্যান্য ওয়েবসাইটে বিদেশি তথ্য সংগ্রহের নামে নজরদারি করতে পারে৷ আদালতের অনুমোদন ছাড়াই এ ধরনের তথ্য সংগ্রহের অভিযোগ স্বীকার করেছে সংস্থাটি৷
এনএসএর সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেন এক বছর আগে মার্কিন নজরদারির তথ্য ফাঁস করে আলোড়ন তোলেন৷ এরপর ওই নজরদারি কার্যক্রমের সংস্কার নিয়ে মার্কিন কংগ্রেসে যে বিতর্ক শুরু হয়, তা এখনো চলছে৷