ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জোট জাতীয় গণতান্ত্রিক মোর্চা (এনডিএ) থেকে বেরিয়ে যাওয়ার এক দিন পর বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার বলেছেন, বিজেপি তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এনডিএ ভাঙনের জন্য বিজেপিই দায়ী।গতকাল সোমবার বিহারের রাজধানী পাটনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিতীশ কুমার বলেন, ‘এনডিএ থেকে আমাদের বেরিয়ে আসা বিজেপিরই ব্যর্থতা। তারা এমন পরিস্থিতি সৃষ্টি করছে, যার জন্য দীর্ঘ ১৭ বছরের কোনো মিত্র তাদের ছেড়ে আসতে বাধ্য হয়েছে। জবরদস্তি করে কোনো জোট টিকিয়ে রাখা যায় না।’বিহারের ক্ষমতাসীন দল জনতা দল (সংযুক্ত) বা জেডিইউর নেতা নিতীশ কুমার আরও বলেন, ‘বিজেপিতে অটল বিহারি-আদভানি যুগ শেষ হয়েছে। তাঁদের নতুন নেতৃত্বের সঙ্গে আমরা মানিয়ে চলতে পারছি না।’আগামী বছরের জাতীয় নির্বাচন সামনে রেখে বিজেপি সম্প্রতি তাদের নির্বাচনী প্রচারণাবিষয়ক প্রধান করেছে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে। এর অর্থ, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ নির্বাচনে জয়ী হলে মোদিই হতে পারেন দেশের প্রধানমন্ত্রী। কিন্তু মোদির বিষয়ে ব্যাপক আপত্তি ছিল এনডিএর অন্যতম মিত্র জেডিইউর। দলটি বিজেপির কাছ থেকে নিশ্চয়তা চেয়েছিল, জোট বিজয়ী হলে মোদিকে প্রধানমন্ত্রী করা হবে না। কিন্তু বিজেপি সেই প্রতিশ্রুতি দেয়নি। এ অবস্থায় গত রোববারই এনডিএ ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে নিতীশের দল জেডিইউ।মোদিকে নির্বাচনী প্রচারণার প্রধান করতে জোর আপত্তি জানিয়েছিলেন বিজেপির অন্যতম শীর্ষ নেতা সাবেক উপপ্রধানমন্ত্রী এল কে আদভানি। কিন্তু তাঁর সেই বিরোধিতাকে আমলে নেয়নি দলটি। এর ফলে আদভানি দলের সব পদ থেকে পদত্যাগ করেছেন।বিজেপি থেকে আদভানির পদত্যাগের বিষয়টির প্রতি ইঙ্গিত করে নিতীশ কুমার বলেছেন, বিজেপি এমনই একটি দল, যারা তাদের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গেও বেইমানি করে। টাইমস অব ইন্ডিয়া।