এনডিএ সরকার গঠন করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে একক বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) বাইরের কারও সমর্থন ছাড়াই সরকার গঠন করতে পারে। দুটি জনমত সমীক্ষায় এমন আভাস মিলেছে।
এনডিটিভির জরিপ: গত বৃহস্পতিবার রাতে ভারতের বেসরকারি টেলিভিশন এনডিটিভির জনমত জরিপে বলা হয়, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ব্যাপক ব্যবধানে এগিয়ে রয়েছে।
এনডিটিভির জন্য জরিপ চালায় গবেষণা প্রতিষ্ঠান হানসা রিসার্চ। এতে বলা হয়, বিজেপি রাজস্থানে ২৫টি মধ্যে ২১টি, মধ্যপ্রদেশে ২৯টির মধ্যে ২৫টি, ছত্তিশগড়ে ১১টির মধ্যে আটটি, ঝাড়খন্ডে ১৪টির মধ্যে ১০টি, কর্ণাটকে ২৮টির মধ্যে ১৬টি এবং দিল্লিতে সাতটির মধ্যে চারটি আসন পেতে পারে। এই হিসাবে এই ছয় রাজ্যের মোট ১১৪টি আসনের মধ্যে দলটি ৮৪টিতে জিততে পারে। আর বিজেপি ও তার মিত্ররা মিলে বিহারে ৪০টির মধ্যে ২১টি, মহারাষ্ট্রে ৪৮টির মধ্যে ৩৬টি, সিমান্ধ্রে ২৫টির মধ্যে ১৪টি, তেলেঙ্গনার ১৭টির মধ্যে দুটি এবং তামিলনাড়ুর ৩৯টি আসনের মধ্যে তিনটি আসন পেতে পারে। ফলে এই পাঁচ রাজ্যের মোট ১৬৯টি আসনের মধ্যে তারা ৭৬টি আসনে জিততে পারে।
অন্যদিকে, ক্ষমতাসীন কংগ্রেস ছত্তিশগড়ে তিনটি, দিল্লিতে একটি, কর্ণাটকে ১০টি, মধ্যপ্রদেশে চারটি, রাজস্থানে তিনটি, সিমান্ধ্রে একটি, তামিলনাড়ুতে (০) ও তেলেঙ্গনায় সাতটি আসনে জিততে পারে। আর কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটগতভাবে বিহারে ১১টি, ঝাড়খন্ডে চারটি ও মহারাষ্ট্রে ১০টি আসন পেতে পারে।
জি নিউজের জরিপ: জি নিউজের গতকাল শুক্রবার প্রকাশিত এক জনমত জরিপে বলা হয়, বিজেপি ২১৫ থেকে ২২৫টি ও কংগ্রেস ১২১ থেকে ১৩২ আসন পেতে পারে। তালিম রিসার্চ সেন্টারের মাধ্যমে এই জরিপ চালিয়েছে তারা। এটি ছিল তাদের দ্বিতীয় দফার জরিপ।
গতকাল প্রকাশিত জরিপে দেখা যায়, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে এককভাবে সরকার গড়তে পারে। বিজেপি ২১৫ থেকে ২২৫ আসন এবং কংগ্রেস ১২১ থেকে ১৩২ আসনে জিততে পারে। জরিপে বলা হয়, দেশের ৩৫ দশমিক ৭ শতাংশ ভোটার বিজেপিকে আর ১৯ দশমিক ৯ শতাংশ ভোটার কংগ্রেসকে ভোট দিতে চান। এনডিটিভি ও জি নিউজ।