এপ্রিল ফুল করার খেসারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এপ্রিলের ১ তারিখে বোকা বানানোর রীতি দুনিয়াজুড়েই কমবেশি প্রচলিত। ১ এপ্রিল বন্ধুবান্ধব একে অন্যকে বোকা বানালেও এ বছর এ কাজে নেমেছিল জর্ডানের একটি পত্রিকা। এতে সফলও হয়েছিল পত্রিকাটি। ভিনগ্রহের প্রাণীর ভয় দেখিয়ে অনেক লোককে ঘরছাড়া করে পত্রিকাটি। আর এখন এ কাজের মাশুল গুনছে তারা। মিথ্যা সংবাদ পরিবেশন করে আতঙ্ক ছড়ানোর জন্য ওই পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা চিন্তা করছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর বিবিসির।জর্ডানের আল ঘাদ পত্রিকা ১ এপ্রিল প্রথম পাতায় একটি খবর প্রকাশ করে। এতে বলা হয়, দেশের পূর্বাঞ্চলীয় মরুশহর জাফরে তশতরি আকৃতির বিশেষ আকাশযানে চেপে ভিনগ্রহের কিছু প্রাণী অবতরণ করেছে। এরা আকৃতিতে বিশাল। একেকটির উচ্চতা কম করে হলেও ১০ ফুট। পত্রিকার এ খবরে ভয় পেয়ে যায় জাফর শহরের বাসিন্দারা। ভিনগ্রহের প্রাণীগুলো হামলা করতে পারে—এমন আতঙ্কে তারা শহর ছাড়তে শুরু করে।শহরের মেয়র মোহাম্মদ মেলিহান জানান, এ খবর পড়ে ভয়ে অভিভাবকেরা বাচ্চাদের স্কুলে পাঠানো বন্ধ করে দেন। রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ে। শহরের ১৩ হাজার লোককে তিনি নিজ তত্ত্বাবধানে অন্যত্র সরিয়ে নেন। এরপর বিষয়টি খতিয়ে দেখার জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন। তারা খোঁজখবর নিয়ে জানতে পারে, বিষয়টি পুরোপুরি ভুয়া। মরুভূমিতে ভিনগ্রহের কোনো প্রাণীর নামগন্ধ নেই।পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মুসা বাহুমি জানান, ১ এপ্রিল উপলক্ষে তাঁরা মজা করেছিলেন মাত্র। এ জন্য যা ঘটেছে, এর জন্য তাঁরা ক্ষমাপ্রার্থী। এত শহর থাকতে আতঙ্ক ছড়ানোর জন্য ওই শহরকে কেন বেছে নেওয়া হলো, সে ব্যাপারে অবশ্য তিনি কিছু বলেননি।মানবাধিকার সংস্থাগুলো বলছে, জাফর শহরে একসময় মার্কিন সেনাদের ঘাঁটি ছিল।