এপ্রিলেই সব মার্কিন নাগরিককে করোনার টিকা দিতে চান ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ছবি: রয়টার্স

আগামী এপ্রিলের মধ্যেই প্রত্যেক মার্কিন নাগরিক করোনার টিকা পাবেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি দ্রুত টিকা তৈরির উচ্চাভিলাষী লক্ষ্যের কথা বলেন। ইতিমধ্যে করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে দুই লাখের বেশি মানুষ মারা গেছেন।

চলতি বছর শেষ হওয়ার আগেই ১০ কোটি ডোজের বেশি টিকা হাতে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প।

গত বুধবার যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পক্ষ থেকে টিকা বিতরণের পরিকল্পনা প্রকাশ করা হয়েছে, যাকে আশাবাদী দৃশ্যকল্প বলা হচ্ছে। এর আওতায় সাড়ে চার কোটি ডোজ টিকা এ বছরেই দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। প্রত্যেক ব্যক্তি দুই ডোজ করে টিকা পাবেন। ২ কোটি ২৫ লাখ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

গতকালের ব্রিফিংয়ের সময় ট্রাম্প বলেন, টিকা প্রস্তুত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বিতরণ শুরু হবে। অধিকাংশ মানুষ যা ভাবছে, এর চেয়েও দ্রুত বিতরণকাজ সম্পন্ন হবে।

ট্রাম্প তাঁর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, অক্টোবর নাগাদ টিকা প্রস্তুত হয়ে যাবে।

টিকা পাওয়ার সময়সীমা নিয়ে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের মধ্যে বিতর্ক ছড়িয়েছে। গত বুধবার সিনেটে হাজিরা দিয়ে সিডিসির পরিচালক রবার্ট রেডফিল্ড বলেন, করোনার টিকা আগামী গ্রীষ্ম বা শরতের আগে ব্যাপক বিতরণ করা সম্ভব হবে না।

তাঁর এ বক্তব্যের পরের দিনই ট্রাম্প তাঁর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, অক্টোবর নাগাদ টিকা প্রস্তুত হয়ে যাবে। তিনি রেডফিল্ডকে ভর্ৎসনাও করেন। তিনি বলেন, রেডফিল্ড বিষয়টি ভুল বুঝেছেন এবং টিকার সময়সীমা নিয়ে একটি ভুল বলেছেন।
যুক্তরাষ্ট্রে দ্রুত টিকা আনার জন্য ‘অপারেশন র‌্যাপ আপ’ নামের যে কর্মসূচি নেওয়া হয়েছে, এতে পৃথক ছয়টি টিকা নিয়ে কাজ চলছে।

টিকাগুলো পরীক্ষার বিভিন্ন ধাপে রয়েছে। এগুলোর নিরাপত্তা ও কার্যকারিতার প্রমাণ এখনো মেলেনি। টিকাগুলোর কার্যকারিতা প্রমাণিত হলে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এর অনুমোদন দেবে। যুক্তরাষ্ট্রে টিকার অনুমোদনের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব থাকতে পারে বলে উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।

ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেন, ট্রাম্পের কথা এখন আর জনগণ বিশ্বাস করে না।

সিডিসির পরিচালক রবার্ট রেডফিল্ড বলেছেন, আগামী বছরের মাঝামাঝি সময়ে জনগণের জন্য করোনার টিকা সহজলভ্য হতে পারে। তবে সংক্রমণ রোধ করতে মাস্ক অগ্রণী ভূমিকা পালন করছে।

আরও পড়ুন

এর প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘রেডফিল্ডের দেওয়া এ তথ্য ঠিক নয়।’ এ সময় রেডফিল্ডকে ‘বিভ্রান্ত’ বলেও মন্তব্য করেন ট্রাম্প।

এএফপির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে টিকা-রাজনীতি সরগরম হয়ে উঠেছে। নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে টিকা নিয়ে গভীর রাজনীতি চলছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগেই দ্রুত টিকা আনার ঘোষণা দিয়েছেন। করোনা মহামারি মোকাবিলায় ট্রাম্পের সমালোচনার জবাবে তিনি এ পদক্ষেপ নিচ্ছেন।

গত বুধবারও ট্রাম্প আবার বলেন, অক্টোবর মাসেই প্রথম করোনার টিকা অনুমোদন দেওয়া হবে। তাঁর এ ঘোষণায় রাজনৈতিক মহলে উদ্বেগ ছড়িয়েছে। অনেকেই ধারণা করছেন, যুক্তরাষ্ট্রের টিকা অনুমোদনদাতা সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে (এফডিএ) হোয়াইট হাউস চাপ দিয়ে টিকার অনুমোদন করাতে বাধ্য করতে পারে।
বুধবার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন বলেছেন, ‘আমি ট্রাম্পকে বিশ্বাস করি না।’

টিকা বিশেষজ্ঞদের পাশাপাশি রিপাবলিকানরাও একমত যে পরীক্ষাধীন টিকাগুলোর ফল অনুমান করা সম্ভব নয়। এ ছাড়া ২০২০ সাল শেষ হওয়ার আগে শক্তিশালী তথ্য হাতে পাওয়ার সম্ভাবনাও কম।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের মতে, শুরুতে যেসব টিকার ডোজ পাওয়া যাবে, তা হবে খুব সীমিত।