এফ-৩৫ বিমানের উড্ডয়ন স্থগিত করল যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র তার সব এফ-৩৫ যুদ্ধবিমানের উড্ডয়ন স্থগিত করেছে। একটি এফ-৩৫ বিমানের ইঞ্জিনের পাখায় ফাটল দেখা দেওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়। গত শুক্রবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ কথা জানিয়েছে। এফ-৩৫ পেন্টাগনের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধবিমান। এ বিমান প্রকল্পের জন্য যুক্তরাষ্ট্রের প্রায় ৪০ হাজার কোটি ডলার ব্যয় হয়েছে। পেন্টাগন জানায়, ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বিমানঘাঁটিতে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার সময় একটি এফ-৩৫এ যুদ্ধবিমানে ওই ত্রুটি ধরা পড়ে। এফ-৩৫এ-এর অন্য সংস্করণের যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের নেভি ও মেরিন সেনারাও ব্যবহার করে। তাই এ বিমানের সব ধরনের উড্ডয়ন স্থগিত করা হয়েছে। পেন্টাগন আরও জানায়, যত দিন পর্যন্ত মূল ত্রুটি খুঁজে পাওয়া না যাচ্ছে, তত দিন পর্যন্ত এফ-৩৫ বিমানের সব ধরনের উড্ডয়ন স্থগিত থাকবে। দুই মাসের মধ্যে গত শুক্রবার এফ-৩৫ বিমানে দ্বিতীয়বারের মতো ত্রুটি ধরা পড়ল। গত জানুয়ারিতে প্রশিক্ষণ শুরুর মাত্র কয়েক দিন আগে মেরিন সেনাদের ব্যবহার করা এফ-৩৫বি যুদ্ধবিমানে ত্রুটি দেখা দেয়।এফ-৩৫বি যুদ্ধবিমানে সংক্ষিপ্ত রানওয়েতে উড্ডয়ন ও খাড়াভাবে অবতরণের জন্য হেলিকপ্টারের মতো এসটিওভিএল বা পাখা সংযুক্ত করা হয়েছে। যুক্তরাজ্য তার ভবিষ্যৎ বিমানবহরের জন্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-৩৫ যুদ্ধবিমান কিনছে। বর্তমানে যুক্তরাজ্য হ্যারিয়ার যুদ্ধবিমান ব্যবহার করছে, যা ঘণ্টায় ৩০০ নটিক্যাল মাইল পাড়ি দেয়। তবে এফ-৩৫ ঘণ্টায় ৪৫০ নটিক্যাল মাইল পাড়ি দেয় এবং এটি রাডার ফাঁকি দিয়ে গোপন নজরদারি চালাতে সক্ষম। তা ছাড়া এ যুদ্ধবিমানের ঘণ্টায় সর্বোচ্চ গতি ১২০০ মাইল। তাই ভবিষ্যতে হ্যারিয়ারের পরিবর্তে এফ-৩৫ যুদ্ধবিমান ব্যবহারের পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। বিবিসি।