এফ-৩৫ যুদ্ধবিমান প্রকল্প কেন চালাচ্ছে যুক্তরাষ্ট্র?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন ২০১৫ সালের বাজেট ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। এফ-৩৫ যুদ্ধবিমান তৈরি প্রকল্পের জন্য যে আবারও বরাদ্দ বাড়ানো হবে, তাতে কোনো সন্দেহ নেই। যদিও তৈরির পর কতটি এফ-৩৫ বিমান বিক্রি করা যাবে, তা নিশ্চিত হয়নি এখনো।
কারিগরি নানা সমস্যা ও এফ-৩৫ তৈরির নির্ধারিত সময় পেরিয়ে গেলেও যুদ্ধবিমানটি তৈরির প্রকল্প বাতিলের পরিকল্পনা নেই মার্কিন সামরিক বাহিনীর। বারবার বরাদ্দ বাড়ানোয় মার্কিন সমরাস্ত্র প্রকল্পের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্পে পরিণত হয়েছে এটি। এই প্রকল্প ইতিমধ্যে নির্ধারিত সময়ের চেয়ে সাত বছর বেশি পার করে ফেলেছে। আর প্রথমে নির্ধারিত বরাদ্দের চেয়ে ব্যয় বেড়েছে ১৬ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার। পেন্টাগন এখন দুই হাজার ৪৪৩টি যুদ্ধবিমানের জন্য ৩৯ হাজার ১২০ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা হাতে নিয়েছে।
মার্কিন সরকারি জবাবদিহি দপ্তরের একজন কর্মকর্তা জানান, এফ-৩৫ যুদ্ধবিমান তৈরির কাজ শেষ হওয়ার পর তার কার্যকর মেয়াদে উড্ডয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য খরচ হিসাব করলে তা ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।
এখন প্রশ্ন হলো, এফ-৩৫ যুদ্ধবিমান তৈরি প্রকল্প কেন ‘আর ফেরা সম্ভব নয়’—এমন পর্যায়ে চলে গেল? এক দশকের বেশি সময় আগে এই প্রকল্পের কাজ শুরু হয়। তখন থেকেই সংশ্লিষ্ট কর্মকর্তারা এই প্রকল্প থেকে ফিরে না আসার জন্য চাপ বজায় রাখছেন। তাঁদের দাবি, ভবিষ্যতে মার্কিন জেট যুদ্ধবিমানবহরের মেরুদণ্ডই হবে এফ-৩৫। ব্যয়বহুল এই প্রকল্প চালিয়ে যাওয়ার আরেকটি কারণ বলা যায়, মার্কিন বিমান বাহিনী ও মেরিন কোরের (ইউএসএমসি) অবস্থান। মার্কিন সামরিক বাহিনীর অন্যতম এই দুটি শাখা এফ-৩৫ বাদে বিকল্প কোনো সমরাস্ত্রের জন্য কোথায়ও অর্থ বিনিয়োগ করেনি। এ ছাড়া এই প্রকল্প মার্কিন কংগ্রেসেরও সমর্থন পাচ্ছে। তবে হোয়াইট হাউসের সাবেক কর্মকর্তা ও আমেরিকান ইউনিভার্সিটির অধ্যাপক গর্ডন অ্যাডামস মনে করেন, এই প্রকল্প এত বড় হয়েছে যে এটা ব্যর্থ হলে বিপর্যয় হবে।
ব্যয়বহুল এই যুদ্ধবিমান তৈরির পক্ষে যুক্তি দিয়েছেন মার্কিন বিমানবাহিনীর প্রধান জেনারেল মার্ক ওয়েলস। সম্প্রতি সিবিএস টেলিভিশনের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে অংশ নিয়ে মার্ক ওয়েলস বলেন, এফ-৩৫ বিমান যুদ্ধে অত্যন্ত কার্যকর ও দক্ষ হবে। ‘যুদ্ধের মুখোমুখি হতে হবে’—শক্র বিমান বিষয়টি বোঝার আগেই সেটিকে ধ্বংস করে দেবে এফ-৩৫। এর গতি হবে শব্দের গতির চেয়ে বেশি, রাডারকে ফাঁকি দিতে সক্ষম হবে। উচ্চ প্রযুক্তির ক্যামেরার মাধ্যমে পাইলট ককপিটে থেকে বিমানের নিচে ভূমি পর্যন্ত সবকিছুর ছবি ৩৬০ ডিগ্রি কোণে দেখতে পারবেন।