এফডিআই নিয়ে ভারতের পার্লামেন্টে বিতর্ক শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের বহুল বিতর্কিত খুচরা বাজারে সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) সিদ্ধান্তের ওপর দেশটির পার্লামেন্টে বিতর্ক শুরু হয়েছে। পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় গতকাল মঙ্গলবার থেকে দুই দিনের এই বিতর্ক শুরু হয়।বিতর্কের শেষ দিন আজ বুধবার বিষয়টির ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হবে।এফডিআইকে কেন্দ্র করে পার্লামেন্টের চলতি শীতকালীন অধিবেশন গত সপ্তাহে অচল হয়ে পড়েছিল। বিষয়টির ওপর আলোচনা ও ভোটাভুটিতে সরকার সম্মত হলে চলতি সপ্তাহে পার্লামেন্টের উভয় কক্ষের কার্যক্রম আবার স্বাভাবিক হয়।প্রধান বিরোধীদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও বাম দলগুলো কার্যপ্রণালির এমন ধারায় এফডিআই নিয়ে আলোচনার দাবিতে অনড় থাকে, যাতে এর ওপর ভোট অনুষ্ঠিত হয়। সরকার প্রাথমিকভাবে এ দাবি প্রত্যাখ্যান করে। তবে তার মিত্ররা ভোটাভুটিতে সরকারকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিলে পরে এতে সম্মত হয় সরকার।সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ভোটগ্রহণের আগে বিভিন্ন দলের ৩০ জন সাংসদ আট ঘণ্টার বিতর্ক অনুষ্ঠানে অংশ নেবেন। ভোটের ফল নিজেদের অনুকূলে আনতে লোকসভায় সরকারের পক্ষে যথেষ্ট সমর্থন থাকলেও উচ্চকক্ষ রাজ্যসভায় এ নিয়ে অনিশ্চয়তায় রয়েছে সরকার। বিবিসি।