এফডিআই নিয়ে লোকসভায় অচলাবস্থার অবসান
ভারতের ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকার খুচরা বাজারে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) নিয়ে বিতর্কিত সিদ্ধান্তের ওপর পার্লামেন্টে ভোটাভুটিতে সম্মত হয়েছে।এই সম্মতির মধ্য দিয়ে বেশ কয়েক দিন ধরে চলা পার্লামেন্টের অচলাবস্থার অবসান হলো। অচলাবস্থার কারণে কয়েক দিন ধরে অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কারমূলক ও আইনি কার্যক্রম স্থবির হয়ে পড়ে।পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার স্পিকার মিরা কুমার বিরোধীদলীয় সাংসদদের অব্যাহত দাবির মুখে গতকাল বৃহস্পতিবার সকালে এফডিআই নিয়ে আলোচনা ও ভোটাভুটিতে ওই সম্মতি দেন।বিরোধী সাংসদেরা লোকসভার পাশাপাশি উচ্চকক্ষ রাজ্যসভায়ও একইভাবে ভোটাভুটির দাবি জানিয়েছিলেন। রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারি ইতিমধ্যে এ কক্ষে সর্বদলীয় বৈঠক আহ্বান করেছেন। তিনি রাজ্যসভায়ও বিষয়টির ওপর আলোচনা ও ভোটাভুটি হবে বলে জানান।বিশ্লেষকেরা বলেন, এই ভোট প্রতীকী। কিন্তু ২০১৪ সালে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের আগে ইউপিএর প্রধান শরিক কংগ্রেসের জন্য শক্তির পরীক্ষা।প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও বাম দলগুলো অভিযোগ করছে, সরকারের এফডিআইয়ের ওই সিদ্ধান্ত দেশের খুচরা বাজার ওয়ালমার্টের মতো বিদেশি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেওয়ার শামিল। এতে ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যেতে পারে।মিরা কুমার বলেন, ‘১৮৪ ধারায় এফডিআইয়ের ওপর আলোচনার জন্য আমি ৩০টি নোটিশ পেয়েছি। ওই আলোচনায় আমি সম্মতি জানাচ্ছি। আলোচনার দিনক্ষণের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’ তবে এনডিটিভির এক খবরে আগামী মঙ্গল ও বুধবার এই ভোট হবে বলে জানানো হয়েছে।গতকালের ওই ঘোষণার আগে স্পিকার মিরা কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন লোকসভার নেতা সুশীল কুমার সিন্দে, সংসদবিষয়ক মন্ত্রী কমলনাথ ও লোকসভার বিরোধীদলীয় নেতা সুষমা স্বরাজ। আগের দিনই এফডিআই নিয়ে পার্লামেন্টে আলোচনার ব্যাপারে কোনো আপত্তি না থাকার পরিষ্কার ইঙ্গিত দিয়েছিল সরকার। এদিন সুষমা স্বরাজ ও অরুণ জেটলির সঙ্গে কমলনাথ বৈঠক করেন। সুষমা স্বরাজ স্পিকারের সিদ্ধান্তকে স্বাগত জানান।২২ নভেম্বর থেকে পার্লামেন্টের শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। কিন্তু এফডিআই নিয়ে বিরোধী সাংসদদের দাবি ও হইচইয়ের মুখে অধিবেশনে অচলাবস্থা দেখা দেয়। অধিবেশন আরও ১৬ দিন চলবে। এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।