এফডিআই বাতিল চেয়ে রাজ্যসভায় স্লোগান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুচরা বাজারে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাতিলের দাবিতে ভারতের পার্লামেন্ট আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ভারতীয় বাজারে সরাসরি বিনিয়োগের সুবিধা নেওয়ার জন্য বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ওয়াল-মার্ট ক্ষমতাসীনদের বিশাল অঙ্কের ‘ঘুষ’ দিয়েছে বলে যে খবর বেরিয়েছে তার পরিপ্রেক্ষিতে বিরোধীদলীয় সদস্যরা এই দাবি জানান। এ ব্যাপারে তাঁরা প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে জবাবও চেয়েছেন। বিষয়টি নিয়ে পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় গতকাল সোমবার এতটাই হইচই হয় যে, দুপুরের আগেই দুই দফা পার্লামেন্ট মুলতবি ঘোষণা করা হয়। পার্লামেন্ট সদস্যরা এফডিআই বাতিলের দাবি জানিয়ে পার্লামেন্টের ভেতরেই স্লোগান দিতে থাকেন। বিজেপি, সিপিএম, সিপিআই, এসপি, জেডি-ইউ, তৃণমূল কংগ্রেস, এজিপি ও এআইএডিএমকের সাংসদেরা সম্মিলিতভাবে বলেন, ‘দুর্নীতি’র বিষয়টি সামনে চলে আসায় এফডিআই প্রত্যাহার করা উচিত। বিজেপির সাংসদ রবিশঙ্কর প্রসাদ গতকাল রাজ্যসভায় জিরো আওয়ারে এফডিআই ইস্যুটি উত্থাপন করে বলেন, ভারতীয় বাজারে ঢুকতে ওয়াল-মার্টের তদবির করার বিষয়টি আগেই আশঙ্কা করা হয়েছিল। এখন সেটি প্রমাণিত হয়েছে। তিনি বলেন, ওয়াল-মার্ট মার্কিন সিনেটে বলেছে, তারা ভারতকে ১২৫ কোটি রুপি দিয়েছে এবং ভারতীয় বাজারে ঢুকতে ২০১২ সালেই খরচ করেছে ৩০ লাখ ডলার।রবিশঙ্কর আরও বলেন, ভারতে তদবির অবৈধ। তদবির ঘুষের পর্যায়ে পড়ে। ওয়াল-মার্ট যদি বলে থাকে যে তারা তদবির বাবদ ভারতে কোটি কোটি রুপি খরচ করেছে তবে সেটা অবশ্যই ঘুষ। কাকে এই ঘুষ দেওয়া হয়েছে তা সরকারকে জানাতে হবে। বিষয়টি এফডিআই বাস্তবায়নকে প্রশ্নবিদ্ধ করল।রবিশঙ্করের বক্তব্যের সময় বিরোধী অন্য সব দলের সাংসদেরা তাঁর প্রতি সমর্থন জানান। টিএমসি নেতা ডি বন্দ্যোপাধ্যায় ওয়াল-মার্টের তদবিরসংক্রান্ত খবর ছাপানো হয়েছে এমন একটি পত্রিকার কপি পার্লামেন্টে তুলে ধরেন। সিপিএম নেতা পি রাজীব বিষয়টির নিরপেক্ষ তদন্ত দাবি করেন। তিনি অভিযোগ করেন, এফইএমএ সংশোধনের আগেই ওয়াল-মার্ট ভারতে অর্থলগ্নি করেছে। তিনি বলেন, ‘এটা ঘুষ’। তাঁর বক্তব্যের সময় বিরোধীদলীয় সাংসদেরা এফডিআই প্রত্যাহারের পক্ষে স্লোগান দেন।পত্রিকার খবর অনুযায়ী, ভারতের মতো একটা লোভনীয় বাজারে ঢোকার পথ সহজতর করতে ওয়াল-মার্ট সেই ২০০৮ সাল থেকেই মার্কিন আইনপ্রণেতাদের পেছনে লেগে আছে। প্রতিষ্ঠানটি তদবির বাবদ বিভিন্ন খাতে সেই থেকে এ পর্যন্ত আড়াই কোটি ডলার (১২৫ কোটি রুপি) খরচ করেছে।বিরোধীদের দাবি, খুচরা বাজারে বিদেশি বহুজাতিক প্রতিষ্ঠানগুলোকে সরাসরি বিনিয়োগের সুযোগ দিলে ভারতীয় ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বাজার হারাবে। এতে দরিদ্র লোকেরা ক্ষতিগ্রস্ত হবেন। তবে সরকার বলছে, দেশের ঝিমিয়ে পড়া অর্থনীতি পুনরুদ্ধারে এ ধরনের অর্থনৈতিক সংস্কার কর্মসূচি নেওয়া প্রয়োজন। গত শুক্রবার কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকার এফডিআই ইস্যুতে রাজ্যসভায় ভোটাভুটিতে জয়ী হয়। এর আগে পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায়ও ইউপিএ সরকার এফডিআইয়ের পক্ষে রায় পায়। রাজ্যসভায় এফডিআইয়ের পক্ষে ১২৩টি ভোট পড়ে। আর বিপক্ষে পড়ে ১০৯টি ভোট। আর লোকসভায় ইউপিএ জোট ২৫৩-২১৮ ভোটে জয়লাভ করে। টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দু।