এফডিআই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের হাত নেই: মনমোহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, ভারতের খুচরা বাজারে বিদেশি বিনিয়োগ (এফডিআই) চালু করার সিদ্ধান্তের ব্যাপারে যুক্তরাষ্ট্রের হাত নেই। ভারত অন্য কোনো দেশের নির্দেশে চলে না। গতকাল শনিবার প্রধানমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।ভারতের নতুন প্রধান বিচারপতি আলতামাস কবিরের শপথগ্রহণ উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানের এক ফাঁকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মনমোহন।যুক্তরাষ্ট্রকে খুশি করতে ইউপিএ সরকার এফডিআই চালুর সিদ্ধান্ত নিয়েছে বলে গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি অভিযোগ করেন। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে মনমোহন বলেন, ভারতের সামগ্রিক উন্নয়নের কথা বিবেচনা করেই তাঁরা বিদেশি বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকার সম্প্রতি এফডিআইসহ অর্থনৈতিক সংস্কারমূলক বেশ কিছু উদ্যোগ নেয়। ইউপিএর শরিক দলগুলোর সঙ্গে এ ব্যাপারে আলোচনা হবে উল্লেখ করে মনমোহন বলেন, ‘দেশের জন্য যা ভালো, আমরা তা-ই করব। সংস্কার উদ্যোগ এককালীন কোনো ব্যবস্থা নয়।’ভারতের খুচরা বাজারে বিদেশি পণ্যের প্রবেশ, জ্বালানি তেল ও এলপি গ্যাসের মূল্যবৃদ্ধি প্রভৃতি সাম্প্রতিক সিদ্ধান্ত আগামী নির্বাচনে ইউপিএর ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে বলে শরিক দলগুলো শঙ্কা প্রকাশ করে। জবাবে মনমোহন বলেন, নির্বাচন এখনো অনেক দূরে রয়েছে। তবু এসব বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে। তৃণমূল কংগ্রেসনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণাত্মক বত্তব্য প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি কোনো বিষয়কেই তিক্তভাবে নিচ্ছি না।’পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সম্প্রতি ইউপিএ থেকে বেরিয়ে আসে। দলটির ছয়জন মন্ত্রী মমতার নির্দেশে মনমোহনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তৃণমূলের সমর্থন প্রত্যাহারের ফলে ইউপিএর শরিক অন্যান্য দলের ওপর সরকারের নির্ভরশীলতা এখন বেড়েছে।প্রাকৃতিক সম্পদের নিলাম প্রসঙ্গে সুপ্রিম কোর্টের মন্তব্য প্রসঙ্গে মনমোহন সিং বলেন, ‘আমরা আদালতের রায়কে সম্মান করি।’ পিটিআই।