এফডিআইয়ে জনগণ উপকৃত হবে: মনমোহন
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং গতকাল রোববার বলেছেন, দেশের খুচরা বাজারে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগসহ (এফডিআই) তাঁর সরকারের সংস্কারমূলক পদক্ষেপ সাধারণ মানুষের উপকার বয়ে আনবে এবং আরও কর্মসংস্থান সৃষ্টি করবে। কংগ্রেস নেতৃত্বাধীন ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের গৃহীত উদ্যোগ নিয়ে বিরোধী দল অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।রাজধানী নয়াদিল্লির রামলীলা ময়দানে গতকাল কংগ্রেসের এক জনসভায় প্রধানমন্ত্রী ওই অভিযোগ করেন। তিনি বলেন, কংগ্রেস পার্টি ও সরকার সমৃদ্ধ ভারত গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু এই লক্ষ্য অর্জনে জনসাধারণকে দীর্ঘপথ পাড়ি দিতে হবে।মনমোহন সিং বলেন, ‘দেশের স্বার্থে আমাদের নীতিমালায় যদি কিছু পরিবর্তন আনতে হয়, তবে আমরা অবশ্যই সেটি করব।’ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের জন্য বহুস্তরবিশিষ্ট খুচরা বাজার উন্মুক্ত করে দেওয়ার বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত কৃষকদের ক্ষতি করবে বলে যে প্রচার চালানো হচ্ছে, তা ভুল।ভারতের সমাজব্যবস্থায় বর্তমান সরকার এক পরিবর্তন আনতে চায়। আর এ বিষয়টিতেই কংগ্রেস ও তার বিরোধীদের মধ্যে মতবিরোধ দেখা দিচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। লোকপাল বিল পাস হবে: এদিকে কংগ্রেসের সাধারণ সম্পাদক ও দলটির চেয়ারপারসনের ছেলে রাহুল গান্ধী সমাবেশে প্রতিশ্রুতি দিয়েছেন, পার্লামেন্টের সামনের দিনগুলোতে লোকপাল বিল পাস হবে। এ সময় তিনি অভিযোগ করে বলেন, এর আগে কংগ্রেসবিরোধীরাই দুর্নীতিবিরোধী আইন পাসে বাধা সৃষ্টি করেছিলেন। রাহুল গান্ধী বলেন, ‘আমরা শিগগিরই পার্লামেন্টে এই বিল (লোকপাল) পাস করব। কেবল অপেক্ষা করুন ও দেখুন।’ রামলীলা ময়দানে উপস্থিত বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উদ্দেশে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, ‘পার্লামেন্টের বিগত অধিবেশনে বিরোধী দলগুলো লোকপাল বিল থামিয়ে দেয়। কিন্তু আমরা আবারও এটি আনব।’ইউপিএ সরকারের অর্থনৈতিক সংস্কার ও নীতির প্রতি সমর্থন জানাতেই গতকাল ওই বিশাল সমাবেশের আয়োজন করে কংগ্রেস। টাইমস অব ইন্ডিয়া।