এফডিআইয়ের বিরুদ্ধে পার্লামেন্টে প্রস্তাব তুলবে তৃণমূল
ভারতে কংগ্রেস নেতৃত্বাধীন ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকার থেকে সম্প্রতি বের হয়ে যাওয়া তৃণমূল কংগ্রেস দেশের খুচরা বাজারে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) বিরুদ্ধে পার্লামেন্টে প্রস্তাব তুলবে। আগামী অধিবেশনেই প্রস্তাবটি উত্থাপন করা হবে বলে গত শনিবার দলটির জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন।কলকাতায় পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয়ে ওই দিন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।ইউপিএ জোটের অন্যতম শরিক মুলায়ম সিং যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি তৃণমূলের ওই প্রস্তাবে সমর্থন দেবে কি না, সে বিষয়ে দলটি এখনো অঙ্গীকারবিহীন অবস্থায় রয়েছে। দলের নেতারা বলেছেন, ‘খুচরা পণ্যের বাজারে আমরা এফডিআইয়ের বিরোধী। এফডিআই ও সম্প্রতি সরকারের নেওয়া কিছু সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী শীতকালীন অধিবেশনের আগে আমরা আমাদের সংসদীয় কৌশল নির্ধারণ করব।’নয়াদিল্লিতে সাংবাদিকদের কাছে এ বক্তব্য দেওয়ার আগে সমাজবাদী পার্টি নিজের তরফেই ওই ধরনের প্রস্তাব আনতে পারে বলে জানিয়েছিল। দ্য হিন্দু।