এবার অনুদান নেওয়ার কথা স্বীকার করলেন কান
জাপানে পররাষ্ট্রমন্ত্রী সেইজি মায়েহারার পর এবার প্রধানমন্ত্রী নাওতো কান নিজের রাজনৈতিক প্রচারণায় একজন বিদেশির কাছ থেকে অনুদান নেওয়ার কথা স্বীকার করেছেন। জাপানে এ ধরনের অনুদান নেওয়া বেআইনি। অনুদান কেলেঙ্কারি মাথায় নিয়ে মায়েহারার পদত্যাগের পর গতকাল শুক্রবার তিনি এই স্বীকারোক্তি দেন।গতকাল জাপানের পার্লামেন্টারি কমিটির এক সভায় কান বলেন, নির্বাচনী প্রচারাভিযানের সময় তিনি এমন ব্যক্তির কাছ থেকে ১২ হাজার ৫০০ ডলার অনুদান নিয়েছিলেন, যিনি দক্ষিণ কোরীয় বলে ধারণা করা হচ্ছে। তখন অবশ্য তাঁর মনে হয়নি যে, জাপানে বাসরত ওই ব্যক্তি দক্ষিণ কোরীয় হতে পারেন। তাঁর নামের সঙ্গেও জাপানি নামগুলোর বেশ মিল রয়েছে। তবে এ কারণে কান পদত্যাগ করবেন না বলে সহকর্মীদের জানিয়েছেন।জাপানের আইন অনুসারে রাজনৈতিক কারণে বিদেশিদের কাছ থেকে কোনো অনুদান নেওয়া যায় না। অভ্যন্তরীণ ব্যাপারে বিদেশিদের হস্তক্ষেপ ঠেকাতে সে দেশে এ আইন চালু রয়েছে।কান ওই বৈঠকে অনুদানের বিষয়টিকে ভুল বোঝাবুঝি হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, অনুদান নেওয়ার সময় তিনি ভেবেছিলেন, ওই ব্যক্তি জাপানের নাগরিক।দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দক্ষিণ কোরিয়ার অনেক নাগরিক জাপানে এসে বসবাস শুরু করেন। পরবর্তী সময়ে দক্ষিণ কোরিয়া স্বাধীন হলেও দেশটির অনেক নাগরিক জাপানে থেকে যান। তবে জাপান তাঁদের নাগরিকত্ব দেয়নি। এসব দক্ষিণ কোরীয়রা জাপানিদের কাছে এখনো বিদেশি বলে বিবেচিত।অনুদানের এ কেলেঙ্কারির কারণে সাবেক পররাষ্ট্রমন্ত্রী সেইজি মায়েহারার মতো নাওতো কানও পদত্যাগ করবেন কি না—এমন প্রশ্নের জবাবে মুখ্য সচিব ইওকিও এদানো সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রীর এ ধরনের কোনো ইচ্ছা নেই।এদিকে প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন জানিয়েছেন অর্থমন্ত্রী ইয়োশিকো নোদা। তিনি বলেন, প্রধানমন্ত্রী ওই কাজটি ইচ্ছা করে করেননি। এখানে কোনো আইনগত সমস্যা আছে বলে তিনি মনে করেন না।জাপানের আইন অনুসারে কেউ ইচ্ছা করে বিদেশিদের কাছ থেকে অনুদান নিলে তাঁকে পাঁচ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ করার বিধান রয়েছে। কিন্তু না জেনে বিদেশির কাছ থেকে এই অনুদান নিলে শাস্তি এড়ানো যায়। বিবিসি, এএফপি।