
যুক্তরাষ্ট্রের বাজেট নিয়ে স্বল্পমেয়াদের জন্য সমঝোতা হওয়ার পর এবার অভিবাসন ব্যবস্থা সংস্কারকাজ শেষ করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে বিরোধী দল রিপাবলিকান পার্টির আইনপ্রণেতারা প্রেসিডেন্টের এই আহ্বানে সতর্ক অবস্থান নিয়েছেন।
ওবামা গত বৃহস্পতিবার বলেন, ‘আমাদের ভঙ্গুর অভিবাসন ব্যবস্থা সংস্কারের কাজ শেষ করা উচিত।’ তিনি বলেন, ‘আসুন, আমরা আলোচনা শুরু করি। এ সমস্যা আরও এক, দুই বা তিন বছর ঝুলিয়ে রাখা ঠিক হবে না। চলতি বছরের শেষ নাগাদ অভিবাসন ব্যবস্থার সংস্কার চূড়ান্ত করা উচিত।’
অভিবাসন ব্যবস্থা সংস্কার নিয়ে চলতি বছরের শুরুর দিকে বেশ জোরেশোরে কাজ শুরু করেছিল ওবামা প্রশাসন। ওবামা তাঁর শাসনামলের প্রথম মেয়াদের শেষ দিকে এ নিয়ে জোরালো উদ্যোগ নেন।
মার্কিন অভিবাসন ব্যবস্থা সংস্কার নিয়ে একটি পরিকল্পনা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ইতিমধ্যে অনুমোদন করেছে। এতে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি সিনেটে সংখ্যালঘু রিপাবলিকান আইনপ্রণেতাদেরও সমর্থন পায়। ওই পরিকল্পনায় মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা, মার্কিন ভিসা পদ্ধতি পুনর্গঠন এবং উচ্চ চাহিদার খাত, বিশেষ করে প্রকৌশলী ও খামারশ্রমিকদের অগ্রাধিকার দেওয়ার বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।
তবে সিনেটে অনুমোদিত ওই পরিকল্পনা রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাস হয়নি। রিপাবলিকান আইনপ্রণেতাদের অভিযোগ, সিনেটে অনুমোদিত পরিকল্পনা পাস হলে যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে অবস্থান করা লাখ লাখ অবৈধ অভিবাসী বৈধতা পেয়ে যাবেন। এটিকে রিপাবলিকানরা তথাকথিত ‘সাধারণ ক্ষমা’ বলে উল্লেখ করেছেন।
ডেমোক্র্যাট আইনপ্রণেতারা মনে করছেন, অভিবাসন ব্যবস্থা সংস্কারের মাধ্যমে মার্কিন কট্টরপন্থী আইনপ্রণেতাদের ভাবমূর্তি পুনরুদ্ধার হতে পারে। বাজেট বরাদ্দ নিয়ে সৃষ্ট অচলাবস্থার কারণে চলতি মাসের প্রথম ১৬ দিন মার্কিন সেবা খাতগুলোর কার্যক্রম বন্ধ ছিল। এ কারণে কেন্দ্রীয় সরকারের অধীনে প্রায় আট লাখ কর্মী কাজ ও বেতনবঞ্চিত ছিলেন। এই অচলাবস্থার জন্য কট্টরপন্থী ওই আইনপ্রণেতাদের দায়ী করা হয়।
তবে শেষ পর্যন্ত অচলাবস্থা নিরসন হলেও কট্টরপন্থী আইনপ্রণেতারা প্রেসিডেন্ট ওবামার ওপর নাখোশ। তাই অভিবাসন ব্যবস্থা সংস্কারে সমর্থন দিয়ে শিগগিরই তাঁরা ওবামা প্রশাসনকে আরেকটি আইনি জয় উপহার দিতে চাইবেন না।
কট্টরপন্থী টি পার্টির সমর্থক আইনপ্রণেতা রল ল্যাবরাডর ইউএসএ টুডের সঙ্গে আলাপকালে বলেন, অভিবাসন ব্যবস্থা সংস্কার চলতি বছর সম্ভব নয়। রল ল্যাবরাডর বলেন, ‘প্রেসিডেন্ট বারাক ওবামা গত দু-তিন সপ্তাহে রল ল্যাবরাডর প্রতিনিধি পরিষদের স্পিকার বোয়েনারের সঙ্গে আলোচনায় বসতে অস্বীকার করেন...তাঁরা অভিবাসন ব্যবস্থা সংস্কার করতে পারবে না।’ এএফপি।