এবার আইনপ্রণেতার পদও হারাচ্ছেন বো শিলাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের কমিউনিস্ট পার্টির বহিষ্কৃত নেতা বো শিলাইকে এবার আইন-প্রণেতার পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া গতকাল শনিবার এ কথা জানিয়েছে। সিনহুয়া জানায়, চংকিং এলাকায় ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রধান বোকে একাদশ জাতীয় পিপলস কংগ্রেসের ডেপুটির পদ থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে চংকিং মিউনিসিপ্যাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি। বোর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিশেষ অনুমোদন ছাড়া চীনে জাতীয় আইনপ্রণেতাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে না কর্তৃপক্ষ। জাতীয় কংগ্রেসের পদ থেকে সরিয়ে দেওয়ার পর বোর বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার মতো অভিযোগগুলোর তদন্ত শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি।