এবার আরও দুঃসাহসী নিক
নায়াগ্রা জলপ্রপাতের ওপর টানানো দড়ি দিয়ে গত বছর হেঁটে পার হয়েছেন নিক ওয়ালেন্ডা। দুঃসাহসিক এই কাজ করে তাক লাগিয়ে দিয়েছেন বিশ্ববাসীকে। তবে এবার এর চেয়েও কঠিন আরাধ্য সাধন করতে যাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রের আরিজোনা অঙ্গরাজ্যের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ানের ওপর টানানো দড়ি দিয়ে হাঁটবেন তিনি।নিকের এবারের কাজটি আরও ঝুঁকিপূর্ণ। কারণ, এই খাড়া গিরিখাতের প্রায় দেড় হাজার ফুট ওপর দিয়ে হাঁটার সময় তিনি কোনো নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করবেন না।ডিসকভারি চ্যানেল জানায়, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ জুন নিক গ্র্যান্ড ক্যানিয়ানের ওপর টানানো দড়ি দিয়ে হাঁটবেন। আর এটাই হবে বিশ্বে সবচেয়ে উঁচুতে টানানো দড়ি দিয়ে হাঁটার রেকর্ড।গত জুনে নিক যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী নায়াগ্রা জলপ্রপাতের ২০০ ফুট উঁচুতে টানানো দড়ির ওপর দিয়ে হেঁটে পার হন। এবারের দুঃসাহসিক অভিযান সম্পর্কে নিক ডিসকভারি চ্যানেলকে বলেন, ‘দড়ির ওপর দিয়ে হাঁটার সময় ক্যানিয়ানের তলদেশ ও আমার মধ্যে পার্থক্য হবে শুধু দুই ইঞ্চি মোটা একটি দড়ি। আর দর্শনার্থীদের এই চমক দেখানোর জন্য আমি মুখিয়ে আছি।’ এএফপি।