এবার আশা ভোঁসলে বললেন, মুম্বাই সবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে বলেছেন, মুম্বাই সব ভারতীয়র জন্য। আর আশা ভোঁসলের এমন মন্তব্যের পর মুখ খোলার সাহস করলেন না কট্টরপন্থী মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে। গত রোববার সন্ধ্যায় ভারতের পুনেতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন আশা। মুম্বাই ও মহারাষ্ট্র শুধু মারাঠিদের জন্য—এই মতাদর্শ সামনে রেখে আন্দোলন করছে রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা।রোববারের ওই অনুষ্ঠানে রাজ ঠাকরেও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিনি বলেন, আশা ভোঁসলে বিভিন্ন ভাষায় অসংখ্য গান গেয়েছেন। বিভিন্ন অঞ্চলের মানুষ তাঁর গান গ্রহণ করেছে। আর এটা সম্ভব হয়েছে, কারণ তিনি (আশা) একজন মারাঠি (মহারাষ্ট্রের অধিবাসী)।রাজ ঠাকরের এই বক্তব্যের পর অনুষ্ঠানের উপস্থাপক আশা ভোঁসলেকে অনুরোধ করেন, অন্যান্য রাজ্য থেকে আসা ভারতীয়রা মুম্বাইয়ে যে কাজ করছে সে সম্পর্কে মন্তব্য করার জন্য। আশা বলেন, ‘মুম্বাই সব ভারতীয়র জন্য। এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা শ্রম দিচ্ছে, তাদের কাজ ছিনিয়ে নেওয়ার অধিকার কারও নেই। আমাদের (মারাঠি) জনগণকেও কঠোর পরিশ্রমের উদাহরণ তৈরি করতে হবে।’ আশার এ বক্তব্যের জবাবে কোনো মন্তব্য করতে রাজি হননি রাজ। তাঁর দলের মুখপাত্র শিশির পারকারও মন্তব্য করতে অস্বীকৃতি জানান।এর আগে একই বিষয়ে ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি ও বিখ্যাত ক্রিকেটার শচীন টেন্ডুলকারও আশা ভোঁসলের মতোই মনোভাব জানিয়েছিলেন। তখন অবশ্য তাঁদের সমালোচনা করেছিল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা।