এবার এককভাবে লড়াইয়ের ঘোষণা দিল কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এবার একা লড়াই করার ঘোষণা দিয়েছে জাতীয় কংগ্রেস। এর আগে গত ২১ জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ দিবস উপলক্ষে আয়োজিত দলের সমাবেশে পঞ্চায়েত নির্বাচনে জোট ছেড়ে একা লড়াইয়ের ঘোষণা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত শনিবার কংগ্রেসের নির্বাহী কমিটির বৈঠক শেষে দলের রাজ্য সভাপতি প্রদীপ ভট্টাচার্য বলেন, ‘আগেই তৃণমূল একা লড়ার ঘোষণা দিয়েছে। আমরাও কংগ্রেসের অস্তিত্ব রক্ষার জন্য একা লড়ার সিদ্ধান্ত নিয়েছি। কংগ্রেস দুর্বল দল নয়, তারা এই রাজ্যে একা লড়ার ক্ষমতা রাখে।’পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন ২০১৩ সালের মে মাসে হওয়ার কথা থাকলেও রাজ্য সরকার এবারের পূজার পর এই নির্বাচন করার ইঙ্গিত দিয়েছে। ফলে রাজ্যজুড়ে এই নির্বাচন নিয়ে তৎপরতা শুরু হয়েছে। ২০০৮ সালের সর্বশেষ নির্বাচন অনুযায়ী পশ্চিমবঙ্গের তিন স্তর পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতে বামফ্রন্টের আসন রয়েছে ২১ হাজার ৬৯৪টি। আর তৃণমূলের নয় হাজার ৩৭৫ এবং কংগ্রেসের ছয় হাজার ৮৩৭টি আসন। অন্যদিকে পঞ্চায়েত সমিতিতে বামফ্রন্টের চার হাজার ৮৮৪টি আসন রয়েছে। তৃণমূলের দুই হাজার ১৮ আর কংগ্রেসের রয়েছে এক হাজার ৪৪৬টি আসন। আর জেলা পরিষদে বামফ্রন্টের ৫১৪, তৃণমূলের ১২০ এবং কংগ্রেসের ৯৯টি আসন রয়েছে।