এবার কলোরাডোয় স্কুলে গুলি, পরে আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একটি বিদ্যালয়ে গত শুক্রবার এক ছাত্রের গুলিতে দুই শিক্ষার্থী আহত হয়েছে। পরে হামলাকারী ওই ছাত্র আত্মহত্যা করে। নিউটাউন বিদ্যালয়ে হামলার বর্ষপূর্তির প্রাক্কালে এই গুলির ঘটনা ঘটল।
গতকাল শনিবার ছিল কানেকটিকাটের নিউটাউন স্কুলে হত্যাকাণ্ডের বার্ষিকী। ওই হামলায় ২০ শিক্ষার্থীসহ ২৬ জন নিহত হয়েছিল। নারকীয় ওই হত্যাকাণ্ডের বার্ষিকীর মাত্র এক দিন আগে কলোরাডোর বিদ্যালয়ে গুলির ঘটনায় মার্কিন অস্ত্র আইন নিয়ে আবার বিতর্ক শুরু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার আরাপাহো উচ্চবিদ্যালয়ে হামলাকারী ওই ছাত্র শটগান থেকে গুলি ছোড়ার পাশাপাশি একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় আতঙ্কে শত শত শিক্ষার্থী চিৎকার-চেঁচামেচি শুরু করে। অনেকে শ্রেণীকক্ষের দরজা বন্ধ করে ভেতরে অপেক্ষা করে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। আহত দুজনের মধ্যে একজন ছাত্রী। তার অবস্থা আশঙ্কাজনক।
আরাপাহো কাউন্টির শেরিফ গ্রেসন রবিনসন বলেন, কার্ল পিয়ারসন নামের ওই ছাত্র একটি গাড়িতে করে বিদ্যালয়ে ঢুকেছিল। এর আগে কোনো শিক্ষককে খুঁজছিল সে। এর একপর্যায়ে পিয়ারসন গুলি ছোড়ে ও ককটেলের বিস্ফোরণ ঘটনায়। পরে নিজের অস্ত্র দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করে। এএফপি ও রয়টার্স।