এবার কান্দাহারের মেয়র আত্মঘাতী হামলায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারের মেয়র গুলাম হায়দার হামিদি গতকাল বুধবার আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন। প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের ভাই ‘কান্দাহারের রাজা’ বলে পরিচিত আহমেদ ওয়ালি কারজাই নিহত হওয়ার দুই সপ্তাহের মধ্যে এ ঘটনা ঘটল।এদিকে পাকতিয়া প্রদেশে ন্যাটো জোটের অভিযানে অন্তত ৩৫ জন পাকিস্তানি তালেবান জঙ্গি নিহত হয়েছে। ন্যাটো বাহিনীর ওপর হামলা চালাতে তারা সীমান্ত পাড়ি দিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।কান্দাহারের পুলিশ জেনারেল আবদুল রাজিক জানিয়েছেন, মেয়র হামিদি গতকাল সিটি হলে তাঁর কার্যালয়ে বসে কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় একজন আত্মঘাতী হামলাকারী তাঁর পাগড়ির মধ্যে লুকিয়ে রাখা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটান। এতে ঘটনাস্থলেই মেয়র মারা যান। আহত হন আরও একজন।প্রত্যক্ষদর্শীরা জানান, বিতর্কিত একখণ্ড ভূমি নিয়ে মেয়র স্থানীয়দের সঙ্গে কথা বলছিলেন। মেয়রের নির্দেশে গত মঙ্গলবার ওই ভূমির সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় প্রশাসনের লোকজনের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে এক নারী ও দুই শিশু মারা যায়।তালেবান মুখপাত্র কারি ইউসুফ আহমাদি প্রথমে এই হত্যাকাণ্ডের দায়ভার নিতে অস্বীকার করলেও পরে মুসলিম জঙ্গিগোষ্ঠীটির পক্ষে হামলার কথা স্বীকার করেন। তিনি বলেন, মেয়র হামিদি তালেবানের হামলার তালিকায় ছিলেন। মঙ্গলবার অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় তিনজন নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে।পাকিস্তানের ওয়াজিরিস্তানের উপজাতীয় এলাকাগুলোর সূত্রগুলো বলেছে, ন্যাটো জোটের হামলায় আহত জঙ্গিরা আবার সীমান্ত পাড়ি দিয়ে পাকিস্তানে ফিরে গেছে। তাদের কেউ কেউ মিরানশাহ শহরে চিকিৎসা নিচ্ছে।এদিকে পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মাসের গোড়ার দিকে সে দেশের সেনাবাহিনী জঙ্গিবিরোধী ব্যাপক অভিযান শুরু করার পর আফগান সীমান্তবর্তী কুররাম এলাকা থেকে এ পর্যন্ত এক লাখেরও বেশি লোক পালিয়ে গেছে।জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা সাহেবজাদা আনিস বলেন, ‘প্রাণের ভয়ে এলাকাছাড়া হয়েছে এমন নয় হাজার ৯৪৪টি পরিবার এবং এক লাখেরও বেশি লোকের নাম নিবন্ধন করেছি।’ এএফপি ও রয়টার্স।