এবার কারগিলে গুলিবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে বিরোধপূর্ণ কাশ্মীরের কারগিল সীমান্তে বৃহস্পতিবার রাতে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। ১৯৯৯ সালের পর এই প্রথম সেখানে অস্ত্রবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটল। পাকিস্তানের সেনারা সেখানে প্রথমে গুলি ছোড়ে বলে ভারতীয় সূত্র দাবি করেছে।
ভারতের সরকারি সূত্রের ভাষ্যমতে, পাকিস্তানি সেনারা কারগিলের দ্রাস এলাকায় ভারতের সান্দো সীমান্ত চৌকি লক্ষ্য করে প্রথমে ক্ষুদ্র অস্ত্র দিয়ে গুলি ছোড়া শুরু করে। পরে তারা স্বয়ংক্রিয় অস্ত্রও ব্যবহার করে। এরপর ভারতীয় সেনারা পাল্টা গুলি ছুড়ে জবাব দেয়।
১৯৯৯ সালে পাকিস্তানি সেনা ও জঙ্গিরা কারগিলে অনুপ্রবেশ করলে উভয়পক্ষের মধ্যে তুমুল সংঘাত বেধে যায়। এ থেকে ভারত-পাকিস্তান পুরোমাত্রায় যুদ্ধ লাগার আশঙ্কা সৃষ্টি হয়েছিল। সাম্প্রতিক সময়ে বিরোধপূর্ণ কাশ্মীরের কয়েকটি এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও কারগিল অঞ্চল শান্ত ছিল।
গত ৬ আগস্ট কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় এক হামলায় ৫ ভারতীয় সেনা নিহত হওয়ার পর থেকে সীমান্তে উত্তেজনা চলছে। ভারত ওই ঘটনার জন্য পাকিস্তানি বাহিনীকে দায়ী করলেও তারা তা অস্বীকার করে ইঙ্গিত দিয়েছে, কাজটি ভারতবিরোধী জঙ্গিদের হতে পারে। সেই থেকে কাশ্মীর সীমান্তে বিক্ষিপ্ত গোলাগুলির ঘটনা ঘটছে। উভয় পক্ষ পরস্পরের বিরুদ্ধে অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে। টাইমস অব ইন্ডিয়া ও ডন।