এবার কি প্রতিশ্রুতি পূরণ করতে পারবে জি-২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশগুলোর জোট জি-২০-এর দুই দিনব্যাপী সম্মেলন গত রোববার শেষ হলো অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে। সম্মেলন শেষে ঘোষিত ইশতেহারে বড় বড় কিছু প্রতিশ্রুতি ঘোষণা করা হয়েছে। কিন্তু এসব প্রতিশ্রুতি কতটা পূরণ করতে পারবেন জি-২০ নেতারা, পূর্বের অভিজ্ঞতায় সেটাই মেলানোর চেষ্টা চলছে এখন।
এবারের সম্মেলন থেকে দেওয়া প্রতিশ্রুতির মধ্যে রয়েছে ২০১৮ সালের মধ্যে বৈশ্বিক জিডিপি ২ শতাংশের বেশি বাড়িয়ে নেওয়া, লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো খাতে বিনিয়োগ ইত্যাদি। কিন্তু বলা হচ্ছে, এই সম্মেলনে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তের চেয়ে প্রতিশ্রুতির ঘোষণাই বড় হয়ে উঠেছে।
জি-২০-এর বিরুদ্ধে অভিযোগ, এই সম্মেলনে নেতারা যতটা প্রতিশ্রুতি দেন, বাস্তবায়নের ক্ষেত্রে ততটা দৃঢ়তা দেখান না। উদাহরণ হিসেবে ২০১০ সালের সম্মেলনের কথা উল্লেখ করা যেতে পারে। ওই সম্মেলনে নেতারা অঙ্গীকার করেন, তিন বছরের মধ্যে প্রতিটি সদস্যরাষ্ট্র বাজেট ঘাটতি অর্ধেকে নামিয়ে আনবে। কিন্তু কোনো দেশই সেটা করতে পারেনি। ওই অঙ্গীকারে যে নেতারা স্বাক্ষর করেছিলেন, তাঁরাও বাজেট ঘাটতি কমিয়ে আনার প্রতিশ্রুতি পূরণ করতে পারবেন কি না, তা নিয়ে সংশয়ে ছিলেন।
জি-২০-এর বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ থাকলেও এটাও ঠিক যে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশগুলোই জি-২০-এর সদস্য। এই জোট গড়ে উঠেছে উন্নত ও উদীয়মান অর্থনীতির দেশগুলোর সমন্বয়ে। জি-২০-এর সদস্যরাষ্ট্রগুলোই নিজেদের জনগণের জীবনমান উন্নয়নে সবচেয়ে ভালো পথের সুযোগ করে দিতে পারে।
এবারও জি-২০-এর প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন উঠেছে। ব্রিসবেন সম্মেলনে যে নেতারা ২০১৮ সালের মধ্যে বৈশ্বিক জিডিপি ২ দশমিক ১ শতাংশ বৃদ্ধি ও লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার করে ইশতেহারে স্বাক্ষর করলেন, তাঁরাই কি এটাকে অর্জনযোগ্য বলে বিশ্বাস করেন? যদিও ইউরো অঞ্চলের কোনো কোনো দেশ হয়তো ঘোষিত জিডিপি অর্জন করতে সক্ষম হবে বলে মনে করা হয়; তার পরও ব্রিসবেন সম্মেলন অর্থবহ হয়ে উঠবে যদি জি-২০-এর সদস্যদেশগুলো ঘোষিত লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় নীতি গ্রহণ করে।
ইশতেহারে বৈশ্বিক অর্থনীতি এগিয়ে নেওয়ার এই প্রতিশ্রুতির পাশাপাশি বাণিজ্য উদারীকরণ, কর ও আর্থিক বিধি, লৈঙ্গিক সমতা, জ্বালানি, ইবোলা নির্মূল, জলবায়ু পরিবর্তনের বিষয়গুলো উঠে আসে।
সম্মেলনের অন্যতম ইস্যু ছিল রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে হস্তক্ষেপের অভিযোগ। সম্মেলনে যোগ দেওয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছিলেন প্রায় নিঃসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনসহ অনেক নেতাই কঠোর সমালোচনা করেছেন পুতিনের। পুতিন এগুলোকে কীভাবে নেবেন, সেটা অন্য বিষয়। কিন্তু ব্রিসবেন সম্মেলনের পর ইউক্রেন-সংকট হয়তো আরও ঘনীভূত হলো।