এবার কি সরানো যাবে কম্বোডীয় লৌহমানবকে?

কম্বোডিয়ার লৌহমানব হুন সেন ২৮ বছর ধরে ক্ষমতায়। তবু নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের ক্ষেত্রে দৃশ্যত ক্লান্তিহীন। ঠারেঠোরে জানিয়েছেন, অন্তত আরও এক দশক ক্ষমতায় থাকতে চান তিনি। তবে নির্বাসিত বিরোধী দলের নেতা স্যাম রেইনসির প্রত্যাবর্তনের কারণে তাঁর এই লক্ষ্য পূরণ খুব একটা সহজ হবে না বলেই মনে করা হচ্ছে।
সাবেক খেমাররুজ যোদ্ধা থেকে প্রধানমন্ত্রী হওয়া হুন সেন আমলাতন্ত্র থেকে শুরু করে গণমাধ্যমসহ রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রায় একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছেন। ক্ষমতাসীন হওয়ায় হুন সেনের কম্বোডিয়ান পিপলস পার্টি (সিপিপি) দশকের পর দশক সরকারের বিভিন্ন পর্যায়ে একচেটিয়া সুযোগ-সুবিধা ভোগ করছে।
তবে কয়েক বছরের অন্তঃকোন্দল কাটিয়ে কম্বোডিয়ার বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে উঠেছে। নির্বাসিত বিরোধী নেতা স্যাম রেইনসির প্রত্যাবর্তনে সেই ঐক্য সুদৃঢ় হয়েছে। ফলে আজ রোববারের পার্লামেন্ট নির্বাচনে সত্যিকারের প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে মনে করা হচ্ছে।
এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের সাবেক গবেষক রাজনৈতিক বিশেষজ্ঞ লাও মং হে বলেন, আগের চেয়ে হুন সেন এখন অনেক বেশি বিচলিত। এ জন্য তিনি হুমকি দিচ্ছেন ও ভয়ভীতি দেখাচ্ছেন। তবে এ ধরনের কৌশল খুব একটা কার্যকর হবে না উল্লেখ করে লাও বলেন, কম্বোডিয়ার মানুষ বিশেষ করে তরুণেরা আর শাসিত হতে চায় না।
১৯৮৫ সাল থেকে কম্বোডিয়ার ক্ষমতায় আছেন হুন সেন। ১৯৯৮ সালের পর থেকে প্রতিটি পার্লামেন্টে নির্বাচনেই তাঁর দল সিপিপির সংখ্যাগরিষ্ঠতা উত্তরোত্তর বেড়েছে। বর্তমানে পার্লামেন্টের ১২৩ আসনের ৯০টিই সিপিপির।
পর্যবেক্ষকেরা মনে করছেন, সিপিপি এখন বিরোধী দল কম্বোডিয়ান ন্যাশনাল রেসকিউ পার্টি (সিএনআরপি) হুমকির মুখে রয়েছে। পরামর্শক প্রতিষ্ঠান উডমন্ট ইন্টারন্যাশনালের বিশ্লেষক জ্যাকসন কক্স বলেন, ‘রাস্তাঘাটেও সিএনআরপির সমর্থনের বিষয়টি বোঝা যাচ্ছে।’
গত সপ্তাহে দেশে ফেরার পর বেশ কয়েক হাজার সমর্থক স্যাম রেইনসিকে স্বাগত জানিয়েছে। এএফপি।