এবার কী করবেন ক্যামেরন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড ক্যামেরন
ডেভিড ক্যামেরন

আগামী মে মাসের নির্বাচনকে সামনে রেখে যুক্তরাজ্যের প্রধান চারটি রাজনৈতিক দলের নেতাকে টেলিভিশনে সরাসরি বিতর্কের প্রস্তাব দিয়েছিল দেশটির কয়েকটি টিভি চ্যানেল। গ্রিন পার্টিকে কেন বিতর্কে রাখা হলো না—এমন ঠুনকো অজুহাত তুলে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। বিরোধীদের পক্ষ থেকে দাবি উঠল ক্যামেরনের চেয়ার খালি রেখে বিতর্ক হোক। সেদিকে না গিয়ে টিভি চ্যানেলগুলো গত বৃহস্পতিবার গ্রিন পার্টিসহ মোট সাতটি দলকে অন্তর্ভুক্ত করে বিতর্কের নতুন প্রস্তাব দিয়েছে। ক্যামেরন এবার কী করবেন, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

নতুন প্রস্তাবের ব্যাপারে অন্যান্য দলগুলো থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেলেও গতকাল শুক্রবার পর্যন্ত মুখ খোলেননি ক্যামেরন। সমালোচকেরা বলছেন, গত নির্বাচনের আগে টেলিভিশনে সরাসরি বিতর্কের তিক্ত অভিজ্ঞতার কারণে ক্যামেরন এবার বিষয়টিকে এড়িয়ে যেতে চাইছেন। ওই বিতর্কের সুবাদে বর্তমান উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ ২০১০ সালে তাঁর দল লিবারেল ডেমোক্র্যাটকে ৫৭টি আসনে বিজয়ী করতে সক্ষম হন এবং জোট সরকারের অংশীদার হয়ে প্রথমবারের মতো ক্ষমতায় ভাগ বসান। এবারও টিভি বিতর্কের কারণে কনজারভেটিভ দলের মূল নির্বাচনী প্রচারণা গুরুত্বহীন হয়ে পড়তে পারে বলে দলটির আশঙ্কা।

২০১০ সালে প্রথমবারের মতো যুক্তরাজ্যে রাজনৈতিক নেতাদের নির্বাচন-পূর্ব টেলিভিশন বিতর্ক হয়। ওই বছর লেবার, কনজারভেটিভ ও লিবারেল ডেমোক্র্যাট দলের নেতা বিতর্কে অংশ নেন। আগামী নির্বাচনকে সামনে রেখে ওই তিন নেতার পাশাপাশি টিভি চ্যানেলগুলো হালে আলোচনায় আসা অভিবাসনবিরোধী ইউকে ইন্ডিপেন্ডেন্ট দলের (ইউকিপ) নেতা নাইজেল ফারাজকেও আমন্ত্রণ জানান। ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনসহ ব্রিটেনের স্থানীয় নির্বাচনগুলোতে দলটি কনজারভেটিভ দলের জন্য হুমকি হিসেবে প্রতীয়মান হয়। কথা ছিল চার নেতার অংশগ্রহণে দুটি এবং প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও লেবার নেতা এড মিলিব্যান্ডের মধ্যে একটি বিতর্ক হবে। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মতে, গুরুত্বহীন দল ইউকিপকে যখন বিতর্কে রাখা হলো, সমপর্যায়ের দল গ্রিন পার্টিকে কেন রাখা হলো না? এ জন্য তিনি বিতর্কের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এ নিয়ে সপ্তাহব্যাপী চলে তুমুল বিতর্ক। লেবার পার্টি বলে, টিভি চ্যানেলগুলোর ওপর পছন্দ চাপিয়ে দেওয়া গণতান্ত্রিক আচরণ নয়।

নিজেদের মধ্যে সমঝোতার পর টিভি চ্যানেলগুলো গতকাল শুক্রবার মোট সাতটি দলের নেতাকে অন্তর্ভুক্ত করে নতুন প্রস্তাব দেয়। বিবিসি এবং আইটিভি সাত নেতার সমন্বয়ে একটি করে বিতর্ক প্রচার করবে এবং প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা এড মিলিব্যান্ডের মধ্যে তৃতীয় বিতর্কটি স্কাই এবং চ্যানেল ফোর যৌথভাবে সম্প্রচার করবে। ৭ মে অনুষ্ঠেয় নির্বাচনের আগে ২, ১৬ ও ৩০ এপ্রিল এসব বিতর্কের সময় নির্ধারণ করা হয়েছে। নতুন প্রস্তাবে বলা হয়েছে, এবার কোনো দলের নেতা যদি আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন, তাহলে ওই নেতাকে ছাড়াই বিতর্ক অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এর আগে নির্বাচনী প্রচারণার প্রথম পোস্টারে রাষ্ট্রীয় ঋণ-সংক্রান্ত বিতর্কিত তথ্য দিয়ে সমালোচনার জন্ম দেন। এরপর তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি থেকে অভিবাসন এবং জাতীয় স্বাস্থ্যসেবা বাদ পড়ার বিষয়টিও বিতর্কের ঝড় তোলে।