এবার কী করবেন ক্যামেরন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড ক্যামেরন
ডেভিড ক্যামেরন

আগামী মে মাসে অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে যুক্তরাজ্যের প্রধান চার রাজনৈতিক দলের নেতাকে টেলিভিশনে সরাসরি বিতর্কের প্রস্তাব দিয়েছিল দেশটির কয়েকটি টিভি চ্যানেল। গ্রিন পার্টিকে রাখা হয়নি এমন ‘ঠুনকো’ অজুহাত তুলে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। টিভি চ্যানেলগুলো গত বৃহস্পতিবার গ্রিন পার্টিসহ সাতটি দলকে অন্তর্ভুক্ত করে বিতর্কের নতুন প্রস্তাব দিয়েছে। ক্যামেরন এবার কী করবেন, সেদিকেই সবার নজর। শুক্রবার পর্যন্ত মুখ খোলেননি তিনি।
বিরোধীদের পক্ষ থেকে দাবি উঠেছিল, ক্যামেরনের চেয়ার খালি রেখেই বিতর্ক অনুষ্ঠিত হোক। সমালোচকেরা বলছেন, গত নির্বাচনের আগে টেলিভিশনে সরাসরি বিতর্কের তিক্ত অভিজ্ঞতার কারণে ক্যামেরন এবার বিষয়টিকে এড়িয়ে যেতে চাইছেন। বর্তমান উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগের দল লিবারেল ডেমোক্র্যাটদের সাফল্যে সেবারের বিতর্কের অবদান আছে বলেই মনে করেন পর্যবেক্ষকেরা। লিবারেল ডেমোক্র্যাটরা ২০১০ সালের নির্বাচনে ৫৭টি আসনে জয়ী হন। জোট সরকারের অংশীদার হয়ে প্রথমবারের মতো ক্ষমতায় ভাগ বসায়। এবারও জমজমাট টিভি বিতর্কের কারণে কনজারভেটিভ দলের মূল নির্বাচনী প্রচারণা গুরুত্বহীন হয়ে পড়তে পারে বলে দলটির আশঙ্কা।
আটলান্টিকের ওপারে পুরোনো বিষয় হলেও এপারে যুক্তরাজ্যে ২০১০ সালেই প্রথমবারের মতো রাজনৈতিক নেতাদের নির্বাচনপূর্ব টেলিভিশন বিতর্ক অনুষ্ঠিত হয়। সে বছর লেবার, কনজারভেটিভ ও লিবারেল ডেমোক্রেট দলের নেতারা বিতর্কে অংশ নেন। আগামী নির্বাচনকে সামনে রেখে ওই তিন নেতার পাশাপাশি টিভি চ্যানেলগুলো হালে আলোচনায় আসা অভিবাসনবিরোধী ইউকে ইনডিপেনডেন্ট দলের (ইউকিপ) নেতা নাইজেল ফারাজকেও আমন্ত্রণ জানায়। ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন এবং যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনগুলোতে দলটি কনজারভেটিভ দলের জন্য হুমকি হিসেবে উঠে এসেছে। প্রস্তাব ছিল চার নেতার অংশগ্রহণে দুটি এবং প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও লেবার নেতা এড মিলিব্যান্ডের মধ্যে একটি বিতর্ক অনুষ্ঠিত হোক। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, ‘গুরুত্বহীন দল’ ইউকিপকে যখন বিতর্কে রাখা হলো, সমপর্যায়ের দল গ্রিন পার্টিকে কেন রাখা হলো না? তিনি বিতর্কের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এ নিয়ে সপ্তাহব্যাপী চলে তুমুল বিতর্ক। লেবার পার্টি বলে, টিভি চ্যানেলগুলোর ওপর পছন্দ চাপিয়ে দেওয়া গণতান্ত্রিক আচরণ নয়।
নিজেদের মধ্যে সমঝোতার পর টিভি চ্যানেলগুলো শুক্রবার মোট সাতটি দলের নেতাকে অন্তর্ভুক্ত করে নতুন প্রস্তাব দেয়। এতে আগের চারটি দলের পাশাপাশি গ্রিন পার্টির নেতা নাটালি বেনেট, স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতা ও স্কটল্যান্ডের মুখ্যমন্ত্রী নিকোলা স্টার্জিয়ন ও ওয়েলশ ন্যাশনালিস্টস প্লেইড কিমরু দলের লিন উডকে অন্তর্ভুক্ত করা হয়। প্রস্তাব অনুযায়ী, বিবিসি ও আইটিভি সাত নেতার সমন্বয়ে একটি করে বিতর্ক প্রচার করবে। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা এড মিলিব্যান্ডের মধ্যে তৃতীয় বিতর্কটি স্কাই এবং চ্যানেল ফোর যৌথভাবে সম্প্রচার করবে। ৭ মে অনুষ্ঠেয় নির্বাচনের আগে ২, ১৬ ও ৩০ এপ্রিল এসব বিতর্কের দিন নির্ধারণ করা হয়েছে। নতুন প্রস্তাবে বলা হয়েছে, এবার কোনো দলের নেতা আমন্ত্রণ প্রত্যাখ্যান করলে ওই নেতাকে ছাড়াই বিতর্ক হবে।