এবার ক্যামেরনের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার নিজের মন্ত্রিসভার সদস্যদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি বলেছেন, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকার বিষয়ে মন্ত্রীদের সমর্থন দিতে হবে, তা না হলে তাঁদের সরকার থেকে বেরিয়ে যেতে হবে। খবর এএফপির।
ক্যামেরনের নিজ দল কনজারভেটিভ পার্টির ৫০ জনের বেশি আইনপ্রণেতা গত রোববার প্রধানমন্ত্রীকে সতর্ক করে দিয়ে বলেন, ইইউর সংস্কারে তিনি ব্যর্থ হলে, তাঁরা যুক্তরাজ্যের ইইউ থেকে বেরিয়ে আসার পক্ষের এক জোটে যোগ দেবেন। এ লক্ষ্যে রোববার তাঁরা কনজারভেটিভস ফর ব্রিটেন (সিএফবি) নামের একটি নতুন রাজনৈতিক গোষ্ঠীর উদ্বোধন করেন। এতে একদল মন্ত্রীও সমর্থন দিতে পারেন বলে শঙ্কা রয়েছে।
মন্ত্রীদের উদ্দেশে ক্যামেরন বলেন, ‘আপনারা যদি সরকারের অংশ হতে চান, তাহলে সরকারের দৃষ্টিভঙ্গি ধারণ করতে হবে। আমরা গণভোটের বিষয়ে পুনরায় সমঝোতার চেষ্টা করছি। আশা করছি, ইতিবাচক ফল পাওয়া যাবে।’
জার্মানিতে ক্যামেরন সাংবাদিকদের জানান, তাঁর সরকারের প্রত্যেকেই কনজারভেটিভ ইশতেহার অনুযায়ী কার্যক্রমে সই করেছেন।
যুক্তরাজ্য ২৮ দেশের জোট ইইউর সদস্য থাকবে কি না তা নিয়ে ২০১৭ সালের মধ্যে গণভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ক্যামেরন। কিন্তু জোটের সঙ্গে সম্পর্কোন্নয়নে সমঝোতা হওয়ায় তিনি ইইউর সদস্য থাকার পক্ষেই জোর দিচ্ছেন।