এবার ক্রিমিয়ায় বিমানঘাঁটিতে রাশিয়ার হানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিমিয়ায় ইউক্রেনের নৌঘাঁটি দখলের পর এবার দেশটির বিমানঘাঁটিতেও হানা দিয়েছে রাশিয়ার সেনারা। আজ শনিবার বিবিসির খবরে বলা হয়েছে, ক্রিমিয়ার সেভাস্তোপোলের কাছে বিমান ঘাঁটিতে রাশিয়ার সেনাবাহিনী অভিযান চালানোর সময় সেখানে গুলি ও বিষ্ফোরণের আওয়াজ শোনা গেছে।

ওই ঘাঁটিতে অন্তত একজন আহত হয়েছে। বিমান ঘাঁটিটি এখন রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে।

এর আগে পশ্চিম ক্রিমিয়ার নভোফেদোরিকায় কয়েক হাজার নিরস্ত্র বিক্ষোভকারী ইউক্রেনের একটি নৌঘাঁটি দখল করে নেয়। এ ছাড়া রুশপন্থী মিলিশিয়ারা ইউক্রেনের নৌবহর দখল করে নিচ্ছে বলেও খবর পাওয়া যাচ্ছে।

সম্প্রতি রাশিয়ার সঙ্গে যুক্ত হতে গণভোটে রায় দেয় ক্রিমিয়ার জনগণ। এরপর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়াকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। পরে ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ায় যুক্ত করার পক্ষে একটি বিলে সই করেন পুতিন। রাশিয়ার এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা ক্ষুব্ধ হয়েছে। ইতিমধ্যে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে তারা।