এবার ক্ষমতাসীন দলের এমপি হতে চান রুশনারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুশনারা আলী।ফাইল ছবি
রুশনারা আলী।ফাইল ছবি

পূর্ব লন্ডনের ‘বেথনাল গ্রিন অ্যান্ড বো’ আসন থেকে ২০১০ সালের নির্বাচনে প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে লেবার পার্টির এমপি নির্বাচিত হয়েছিলেন রুশনারা আলী। তবে এবার তাঁর চ্যালেঞ্জ শুধু নিজে বিজয়ী হওয়া নয় বরং দলকে জিতিয়ে ক্ষমতাসীন দলের এমপি হওয়া। ৭ মে যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার দেশটির প্রধান তিনটি দল থেকে এমপি পদে অক্সফোর্ড-পড়ুয়া উদীয়মান রাজনীতিক রুশনারা আলীসহ প্রার্থী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ১২ জন। এর মধ্যে লেবার পার্টি থেকে আটজন, লিবারেল ডেমোক্র্যাটস পার্টি থেকে তিনজন এবং কনজারভেটিভ পার্টি থেকে একজন। তবে রুশনারা আলীই একমাত্র প্রার্থী, যিনি দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচনে লড়ছেন।

কিন্তু ভোটাররা আবার কেন রুশনারা আলীকে ভোট দেবেন? প্রথম আলোর এমন প্রশ্নে রুশনারা বলেন, বিগত পাঁচ বছর তাঁর দল ক্ষমতায় ছিল না। ক্ষমতাসীন সরকারের ব্যয়-সংকোচন নীতির কারণে তাঁর নির্বাচনী এলাকার একটি ফায়ার সার্ভিস স্টেশন, চারটি স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং একাধিক নার্সারি বন্ধের ঝুঁকিতে পড়ে। তিনি এলাকার লোকজনকে নিয়ে প্রচার-প্রচারণা (ক্যাম্পেইন) চালিয়ে এসব প্রতিষ্ঠান বন্ধের হাত থেকে রক্ষা করেন।

আবার অভিবাসী অধ্যুষিত হওয়ার কারণে তাঁর নির্বাচনী এলাকার মানুষের কাছে আন্তর্জাতিক ঘটনাগুলো বেশ গুরুত্বপূর্ণ উল্লেখ করে রুশনারা আলী বলেন, তিনি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি​ দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন, ইরাকে হামলা চালানোর বিপ‌ক্ষেÿঅবস্থান নিয়েছেন। যুক্তরাজ্য থেকে বাংলাদেশ, সোমালিয়াসহ তৃতীয় বিশ্বের দেশগুলোয় অর্থ প্রেরণ ঝুঁকির মুখে পড়লে তিনি এ নিয়ে গণসাক্ষর কর্মসূচি চালিয়ে বিষয়টিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এ ছাড়া যুক্তরাজ্য যাতে বাধ্যতামূলকভাবে প্রতিবছর মোট জাতীয় আয়ের (জিএনআই) শূন্য দশমিক সাত শতাংশ আন্তর্জাতিক উন্নয়ন সাহায্য হিসাবে ব্যয় করে, সে মর্মে আইন পাশের প‌ক্ষে তিনি কাজ করেন। এর মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলো উপকৃত হচ্ছে। ‘কাজের রেকর্ড দিয়েই লোকজন আমাকে বিবেচনা করবেন।’এমনটাই মনে করেন রুশনারা আলী।

এবারের নির্বাচনে প্রতিশ্রুতি সম্পর্কে রুশনারা প্রথম আলোকে বলেন, এই সরকারের গত পাঁচ বছরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দরিদ্র লোকজন এবং অভিবাসীরা। এবার তাঁর দল লেবার পার্টির ইশতেহারের কেন্দ্রে আছে— কর্মসংস্থান ও ন্যূনতম মজুরির বৃদ্ধি এবং বৈষম্য দূর করে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা। সেই সঙ্গে দলটি বসতবাড়ির সংকট দূর করে এবং জাতীয় স্বাস্থ্যসেবায় পর্যাপ্ত বিনিয়োগ নিশ্চিত করে সাধারণ মানুষের জীবন-মানোন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে।
নির্বাচনকে সামনে রেখে অভিবাসনবিরোধী প্রচারণা সম্পর্কে বাংলাদেশের সিলেটের বিশ্বনাথে জন্ম নেওয়া রুশনারা আলী বলেন, ‘অভিবাসন নিয়ে অসহিষ্ণুতা ও ভয়ের পরিবেশ তৈরি করা কারও উচিত নয়। সব সম্প্রদায়ের ঐক্যবদ্ধ অবস্থানই হতে পারে সব ধরনের অপপ্রচারের শক্ত জবাব।

সরকারের এক সিদ্ধান্তের কারণে ২০১৭ সাল থেকে যুক্তরাজ্যের স্কুলগুলোতে অন্য কয়েকটি ভাষার সঙ্গে বাংলা ভাষায় শিক্ষাব্যবস্থা উঠিয়ে দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্ত পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে রুশনারা আলী বলন, লেবার পার্টি ক্ষমতায় গেলে বাংলা ভাষায় শিক্ষাব্যবস্থা বহাল থাকবে। নিজে স্কুলে বাংলা পড়ায় তা কর্মজীবনে বেশ কাজে লাগছে জানিয়ে রুশনারা বলেন, নিজেদের আদি ভাষা ও সংস্কৃতি জানার মাধ্যমে নতুন প্রজন্ম যুক্তরাজ্যের ​বৈশ্বিক অবস্থানকে আরও শক্তিশালী করতে সক্ষম হবে।
বেথনাল গ্রিন অ্যান্ড বো বরাবরই লেবার পার্টির একটি নিরাপদ আসন। এই আসনে রুশনারার বিপরীতে রয়েছেন কনজারভেটিভ পার্টির ম্যাথিও স্মিথ, লিবারেল ডেমোক্র্যাটস দলের টিনা লাশমুর, ইউকে ইন্ডিপেনডেন্ট পার্টির (ইউকিপ) পল ম্যাকুইন, গ্রিন পার্টির এলাস্টেয়ার পলসনসহ মোট ১০ জন প্রার্থী। গত নির্বাচনে ১১ হাজার ৫৬৪ ভোটের ব্যবধানে জিতেছিলেন রুশনারা আলী। এই আসনে প্রায় ৮০ হাজার ভোটার আছেন।