এবার চিঠিতে ময়দা পাঠিয়ে হুমকি!
কাউকে হুমকি দেওয়ার জন্য চিঠির সঙ্গে কত কিছুই না পাঠানো হয়। কাফনের কাপড় থেকে শুরু করে বিষাক্ত পদার্থও পাঠানো হয়। তাই বলে চিঠিতে ময়দা পাঠিয়ে হুমকি! হ্যাঁ, দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম কোয়ান-জিনের ক্ষেত্রে এমন ঘটনাই ঘটেছে।সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্দেশে পাঠানো চিঠিতে বিষাক্ত রাইসিন পাঠানো হয়। এ ঘটনার রেশ কাটতে না-কাটতেই গতকাল মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিমের দপ্তরে একটি চিঠি আসে। হুমকি দিয়ে পাঠানো ওই চিঠির ভেতর মেলে সন্দেহজনক সাদা পাউডারের মতো বস্তু। পরে পরীক্ষা করে দেখা যায়, বস্তুটি বিপজ্জনক কিছু নয়, বরং অতিপরিচিত ময়দা।কয়েক দিন আগে কিমের দপ্তরের সামনে শত শত লিফলেট পড়ে ছিল। সেসব লিফলেটে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের জন্য কিমের তীব্র নিন্দা করা হয়। কিমের দপ্তরের একজন মুখপাত্র জানান, চিঠির ভেতর ময়দা পাওয়া গেছে এবং চিঠির প্রেরককে খুঁজে বের করতে অনুসন্ধান চালানো হচ্ছে। এএফপি।